চীনে ক্লোন ভেড়া ‘পেং পেং’ (ভিডিও)
জিনগত পরিবর্তন ঘটিয়ে চীনের গবেষকেরা সম্প্রতি একটি ক্লোন ভেড়ার জন্ম দিয়েছেন। গবেষকেরা এই ভেড়া শাবকটির নাম রেখেছেন পেং পেং। গবেষকদের বরাতে এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ক্লোন করা এই ভেড়া থেকে উপকারী চর্বি পাওয়া যাবে যা হূদরোগ ঝুঁকি কমাতে সহায়ক হবে।বেইজিং জেনোমিকস ইনস্টিটিউটের (বিজিআই) একদল গবেষকের তত্ত্বাবধানে জন্ম হয়েছে পেং পেংয়ের। গবেষক দলের নেতৃত্বে ছিলেন ডু উতায়ো। তিনি বলেন, বাদাম, মাছ ও পাতাযুক্ত শাকসবজিতে পাওয়া যায় এমন ‘উপকারী’ চর্বির জিন এই ক্লোন ভেড়ার কোষে যুক্ত করা হয়েছে। যা মানুষের জন্য উপকারী। ডু উতায়ো জানিয়েছেন, গবেষণায় তাঁরা একটি চীনা মেরিনো ভেড়ার কান থেকে ‘দাতা কোষ সংগ্রহ করেন। সেই কোষ থেকে তৈরি করা স্টেম সেলে যুক্ত করা হয় বিশেষ ‘উপকারী চর্বির’ জিন। এরপর সেই স্টেম সেল একটি অনিষিক্ত ডিম্বাণুতে প্রবেশ করিয়ে স্থাপন করা হয় মা ভেড়ার গর্ভে। এভাবেই জন্ম হয়েছে পেং পেংয়ের।উল্লেখ্য, বিশ্বে প্রথম ক্লোন করা ভেড়াটির নাম ছিল ডলি।