চীনে নিজেদের কার্যক্রম বন্ধ করছে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে পরিচালিত নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে ইন্টারনেটে তথ্য খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট (সার্চ ইঞ্জিন) গুগল। এর কারণ হিসেবে বিভিন্ন ধরনের সাইবার আক্রমণ এবং সার্চ ইঞ্জিন পরিচালনার ক্ষেত্রে বেশকিছু সমস্যার কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি জানানো হয়, চীনের মানবাধিকার কার্যক্রমের ই-মেইল ঠিকানা ব্যবহার করে সাইবার আক্রমণ চালানো হতে পারে। ২০০৬ সালে চীনের জন্য গুগল চালু করে গুগল ডট সিএন ঠিকানার ওয়েবসাইট। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী, সার্চ ইঞ্জিন গুগল ডট সিএন বন্ধের পাশাপাশি চীনে গুগলের সব ধরনের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হবে। শুরু থেকেই চীন সরকার সার্চ ইঞ্জিনে বিভিন্ন বিষয়ে তথ্য খোঁজার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে। গুগলের প্রধান আইনবিষয়ক কর্মকর্তা ডেভিড ড্রুমোন্ড বলেন, বর্তমানে সাইবার আক্রমণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে চীনের মানবাধিকার কার্যক্রমের পরিচালিত জিমেইল ঠিকানাটি হস্তগত করা এবং একাধিকভাবে বিভিন্ন কম্পিউটারে আক্রমণ করা। এর মধ্যে কমপক্ষে প্রায় ২০টি প্রতিষ্ঠান এ ধরনের আক্রমণের শিকার হতে পারে বলে জানিয়েছেন তিনি। একই নামে দুই ধরনের জিমেইল ঠিকানা ব্যবহার করছে আক্রমণকারীরা, যা অনেকটা ম্যালওয়্যার হিসেবে কম্পিউটারে প্রবেশ করে। বর্তমানে চীনের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩৪ কোটি। গতবছরে সার্চ ইঞ্জিনের বাজার ছিল প্রায় ১০০ কোটি টাকা, যার মধ্যে চলতি বছর ৬০ কোটি আয় হবে বলে আশা করেছিল গুগল। কিন্তু চীনের সরকারি সুবিধাপ্রাপ্ত সার্চ ইঞ্জিন বাইদু বর্তমানে প্রায় ৬০ শতাংশ বাজার দখলে রেখেছে, যেখানে গুগলে শেয়ার মাত্র ২৬ ভাগ। এর পরে ইয়াহুর শেয়ার রয়েছে ১০ শতাংশ ও মাইক্রোসফট বিংয়ের প্রায় চার শতাংশ । সব মিলিয়ে সাইবার আক্রমণ এবং বাজার পরিস্থিতি বিবেচনা করে চীনের বাজার থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে গুগল।—বিবিসি অবলম্বনে নুরুন্নবী হাছিব