চীনে স্মার্ট চপস্টিক

রি-সাইকেল করা রান্নার তেল ব্যবহার থেকে শুরু করে শেয়ালের মাংস কিংবা কোনো রাসায়নিক খাবার পরিবেশন করে ইতিমধ্যে দুর্নাম কুড়িয়েছে চীনারা। যে খাবার খেতে যাচ্ছেন, তা নিরাপদ কি না—নিশ্চিত নন? বাইদুর কাছে এর উত্তর আছে। চীনের এই সার্চ ইঞ্জিন জায়ান্ট গতকাল বুধবার ‘স্মার্ট চপস্টিক’ দেখিয়েছে, যা খাবারের সঙ্গে থাকা অস্বাস্থ্যকর তেলের মাত্রা পরিমাপ করতে পারে। চীনের স্থানীয় ভাষায় এই স্মার্ট চপস্টিককে বলা হচ্ছে ‘কোয়াইসো’। সার্চ জায়ান্ট বাইদুর তৈরি স্মার্ট চপস্টিক খাবারের ভেজাল পরীক্ষা করে দেখতে পারে।
সম্প্রতি স্মার্ট চপস্টিকের ধারণা বাস্তবায়নের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। এর আগে ১ এপ্রিল মজা করার উদ্দেশে এই চপস্টিকের ধারণা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিল বাইদু। পরে এই মজার ধারণাটিকে কাজে লাগানোর পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি।
বাইদুর বার্ষিক প্রযুক্তি সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবিন লি নতুন পণ্যটি সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। এই স্মার্ট চপস্টিক সম্পর্কে তাঁর মন্তব্য হচ্ছে, ‘পৃথিবীকে উপলব্ধি করার নতুন পদ্ধতি।’
এই চপস্টিক ব্যবহার করে কোনো খাবার সম্পর্কে তথ্য জানতে স্মার্টফোন অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হয়। বাইদুর তথ্য অনুযায়ী, তেলের সজীবতা পরীক্ষা ছাড়াও এই চপস্টিক দিয়ে পিএইচ স্তর, তাপমাত্রা এবং ক্যালরির তথ্য জানা সম্ভব। এই চপস্টিকের দাম এখনো প্রকাশ করেনি বাইদু। এখনো এই চপস্টিক বাজারে ছাড়ার পরিকল্পনা করেনি প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে ইন্টারনেট সার্চের ক্ষেত্রে পরিচিত প্রতিষ্ঠান গুগলের মতো চীনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু। এর আগে গুগলের তৈরি বিভিন্ন প্রযুক্তির চীনা সংস্করণ তৈরি করেছে বাইদু, যার মধ্যে গুগল গ্লাস কিংবা চালকবিহীন গাড়িও রয়েছে। তবে এবারে স্মার্ট চপস্টিক তৈরি করে চীনা ঐতিহ্য রাখল প্রতিষ্ঠানটি।