চীনে হ্যাকার প্রশিক্ষণওয়েবসাইট বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের হুবেই প্রদেশের পুলিশ সে দেশের সবচেয়ে বড় হ্যাকার প্রশিক্ষণ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে এবং এর তিনজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। ব্ল্যাক হক সেফটিনেট নামের ওই ওয়েবসাইটে কীভাবে সাইবার হামলা চালানো হয় এবং এ থেকে বাঁচার উপায় সম্পর্কে লোকজনকে প্রশিক্ষণ দেওয়া হতো। এ ছাড়া ক্ষতিকর সফটওয়্যার বিক্রি করত প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়। চীন থেকে সুসংগঠিতভাবে সাইবার হামলা চালানোর ঘটনা বেড়েছে—এমন অভিযোগ যখন আসছে, তখনই এই হ্যাকার প্রশিক্ষণের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার খবর প্রকাশিত হলো। যুক্তরাষ্ট্র তার দেশে সাইবার হামলার জন্য চীনকে দায়ী করে আসছে। এরই প্রেক্ষাপটে গত মাসে গুগল চীনের সাইবার মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দেয়। দ্য লিগ্যাল ডেইলি নামের একটি পত্রিকা জানায়, গত নভেম্বর মাসে ব্ল্যাক হক সেফটি নেট বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া পুলিশ ওই প্রতিষ্ঠানের ১৭ লাখ ইউয়ানেরও বেশি সম্পদ জব্দ করে এবং নয়টি ওয়েব সার্ভার, পাঁচটি কম্পিউটার ও একটি গাড়ি বাজেয়াপ্ত করে।ব্ল্যাক হক সেফটিনেট ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান কার্যালয় হেনান প্রদেশের উচাং শহরে। ব্ল্যাক হক সেফটি নেট লোকজনের আর্থিক অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে হয়, তা শেখাত। এসব শেখানোর জন্য প্রশিক্ষণার্থীদের কাছ থেকে ১০০ থেকে দুই হাজার ইউয়ান নেওয়া হতো। —এএফপি ও বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান