চীনের উচ্চাভিলাষী ব্রডব্যান্ড পরিকল্পনা

উচ্চ গতির ব্রডব্যান্ড নেটওয়ার্ক বসবে কিন্তু সেই সঙ্গে নেটের খরচও কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে চীন। এতে দেশটির নাগরিকেরা কম খরচেই দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাবেন। দেশটির স্টেট কাউন্সিল এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
বর্তমানে দেশটির অর্ধেকেরও কম মানুষের ইন্টারনেট সুবিধা আছে এবং সেখানে ইন্টারনেটের গতিও খুব কম।
বর্তমানে চীনের প্রধানমন্ত্রী দেশটির টেলিকম কোম্পানিগুলোর ক্ষেত্রে ডাটা রোমিং চার্জসহ ইন্টারনেট খরচ কমানোর ওপরও গুরুত্ব দিয়েছেন।
চীনের প্রধানমন্ত্রী লি কেজিয়াং সরকারি বিনিয়োগের পাশাপাশি টেলিকম অপারেটরদের দ্রুত গতির ইন্টারনেট সেবা কম দামে দেওয়ার বিষয়ে গুরুত্ব দেন।
তিনি বলেন, চীনে বেড়াতে আসা পর্যটকদের ডাটা রোমিং চার্জ কমানো উচিত। তবে তা বাজার হিসেব করে দেখতে হবে, তারপর কমাতে হবে।
স্টেট কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় চীনে মোবাইল ফোন ব্যবহার হয় বেশি। কিন্তু তথ্য অবকাঠামো উন্নত না হওয়ায় ইন্টারনেট সেবার গতির দিক থেকে বিশ্বের ৮০টি দেশের পেছনে পড়ে রয়েছে চীন।