চীনের ওয়েইবো ছাড়িয়ে গেল টুইটারকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি প্রতিষ্ঠানের ধরন একই—খুদে ব্লগভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম। তবে বড় পার্থক্যটা হলো পরিধিতে। টুইটার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সর্বজনীন প্রতিষ্ঠান। অন্যদিকে সিনা ওয়েইবোর সীমা শুধু চীনেই সীমাবদ্ধ। অথচ ব্যবহারকারীর সংখ্যায় সেই টুইটারকে ছাড়িয়ে গেছে ওয়েইবো।

চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রকাশিত আর্থিক বিবরণীতে চীনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় ওয়েবসাইটটিতে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ কোটিতে। প্রায় ১৫ কোটি ৪০ লাখ ব্যবহারকারী দিনে অন্তত একবার সিনা ওয়েইবো ব্যবহার করেন, এঁদের ৯১ শতাংশ মুঠোফোন থেকে লগ–ইন করেন।

অন্যদিকে টুইটারের মাসিক সক্রিয় ব্যবহারকারী ৩২ কোটি ৮০ লাখ। চীনে অবশ্য টুইটার ব্যবহার নিষিদ্ধ। সে যাহোক, সিনা ওয়েইবোর প্রধান নির্বাহী কর্মকর্তা গাওফেই ওয়াং এতে সন্তুষ্ট নন। তাঁর দৃষ্টি আরও সামনে। তবে চীনের বাইরে যাওয়ার ইঙ্গিত এখনো দেননি। তিনি বলেন, চীনে সেরা সামাজিক যোগাযোগমাধ্যমের অভিজ্ঞতা দিতে আমাদের যে অক্লান্ত পরিশ্রম, তা ওয়েইবোর ফলাফলে প্রতিফলিত হয়েছে।

চীনের ইন্টারনেট নেটওয়ার্ক তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী, দেশটিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক ৭৩ কোটি ১০ লাখ।

ফেসবুক, গুগল, ইউটিউব ও অনেক বিদেশি ওয়েবসাইটের মতো চীনে টুইটারও নিষিদ্ধ। তবে প্রতি মাসে টুইটার ব্যবহারকারী এখনো প্রায় ৬ শতাংশ করে বাড়ছে।

মেহেদী হাসান সূত্র-বিবিসি