চীনের বাজার দখলে ফেসবুকের নতুন অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের সব মাধ্যমে বরাবরই জনপ্রিয়তার শীর্ষে থাকার প্রয়াস থাকে ফেসবুকের। নতুন নতুন অ্যাপের মাধ্যমে সে কাজটি বেশ ভালোভাবেই করে আসছে ফেসবুক কর্তৃপক্ষ। সেই প্রচেষ্টা বহাল রেখে ছবি শেয়ারের জন্য চীনা অ্যাপ বাজারে ফেসবুক ছেড়েছে ‘কালারফুল ব্যালুনস’ নামে নতুন একটি অ্যাপ। নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে সামাজিক যোগাযোগের নিজস্ব মাধ্যম রয়েছে। সরকার কর্তৃক কঠোর নজরদারিতে নিয়ন্ত্রিত হয় এই মাধ্যমগুলো। দেশটিতে ফেসবুক, টুইটার, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো বিশ্বের জনপ্রিয় প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যমই নিষিদ্ধ। ১০০ কোটির বেশি জনসংখ্যার এই দেশে নিজেদের ব্যবসায়িক খুঁটি গাড়তে সব শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানই ব্যাকুল। ফেসবুকের সেই ব্যাকুলতা এক ধাপ এগিয়েই রয়েছে সবার থেকে। আর তাই নিজেদের পরিচয় গোপন করে চীনা অ্যাপ বাজারে পরীক্ষামূলক নতুন ছবি শেয়ারের অ্যাপ কালারফুল ব্যালুনস ছেড়েছে তারা। ‘ইউজ ইন্টারনেট টেকনোলজি’র সাহায্যে অ্যাপটি প্রকাশ করেছে তারা। ফেসবুকের জনপ্রিয় অ্যাপ ‘মোমেন্টস’-এর আদলেই তৈরি করা হয়েছে নতুন অ্যাপটি। তবে মোমেন্টস-এর মতো কালারফুল ব্যালুনস ব্যবহার করতে ফেসবুক অ্যাকাউন্টের পরিবর্তে চীনের খুদে বার্তা প্রেরণের অ্যাপ উইচ্যাটের মাধ্যমেই ব্যবহার করা যাবে অ্যাপটি।

চীনে নিজেদের অ্যাপ উন্মোচনের বিষয়ে ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘চীনা বাজারে প্রবেশের ব্যাপারে আমরা বিভিন্ন দিক নিয়ে দীর্ঘদিন ধরেই দেশটিকে বোঝার চেষ্টা করে যাচ্ছি। তবে এর পেছনে আমাদের একমাত্র লক্ষ্য হলো, চীনের ব্যবসায়ী ও ডেভেলপারদের ফেসবুকের ডিজিটাল বিজ্ঞাপনমাধ্যম ব্যবহার করে দেশের বাইরে বাজার ধরতে সাহায্য করা।’ তবে ফেসবুককে চীনে সরাসরি বৈধ করা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা থাকলেও এ ব্যাপারে বিস্তারিত কথা বলা বরাবরই এড়িয়ে চলেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের চীনা বাজার দখল করার প্রবল আগ্রহ যে রয়েছে, জাকারবার্গের বহুবার চীন সফরই তা বলে দেয়।

শাওন খান, সূত্র: ম্যাশেবল