চীনের ম্যান্ডেলা এখনো বন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিউ সিয়াওবো
লিউ সিয়াওবো

চীনের ভিন্নমতাবলম্বী নোবেল পুরস্কারজয়ী লিউ সিয়াওবোর শেষ দফা কারাবন্দিত্বের পঞ্চম বর্ষপূর্তি হলো সম্প্রতি। ‘সনদ ৮’ প্রণয়নে অংশ নেওয়ার ‘অপরাধে’ ২০০৮ সালে আটক করা হয়েছিল তাঁকে। ‘সনদ ৮’ একটি ইশতেহার, যাতে চীনে গণতন্ত্রমুখী সংস্কারের আহ্বান জানানো হয়েছে। ‘রাষ্ট্রীয় কর্তৃত্বের পরিপন্থী’ কাজে উসকানি দেওয়ার অপরাধে সিয়াওবোর ১১ বছরের কারাদণ্ড হয়।
লিউ সিয়াওবোর বন্দিত্বের বর্ষপূর্তির সপ্তাহেই আরেক নোবেল বিজয়ীর শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে। তিনি আর কেউ নন, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। মজার ব্যাপার হচ্ছে, যে যে কাজের জন্য ম্যান্ডেলা নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন, সেসব কর্মকাণ্ডের জন্যই তাঁর কপালে জুটেছিল দীর্ঘ কারাবাস। সিয়াওবোর বন্দিত্বের বর্ষপূর্তি আর নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যের অনুষ্ঠান—এ দুটি ঘটনা খুব কাছাকাছি সময়ে পড়ে যাওয়ায় চীন সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।
সিয়াওবোর বন্দী হওয়ার বার্ষিকীতে এ নিয়ে চীন-মার্কিন বাগ্যুদ্ধ হয়ে গেল এক দফা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে চীন সরকারের প্রতি আহ্বান জানান সিয়াওবোকে কারাগার এবং তাঁর স্ত্রী লিউ সিয়াকে গৃহবন্দীত্ব থেকে মুক্তি দিতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এর পরপরই পাল্টা বিবৃতিতে শুনিয়ে দেয়, সিয়াওবো দম্পতির বিষয়ে কোনো মন্তব্য করার অধিকার জন কেরির নেই। 
বিশ্বের অন্যান্য স্থানের প্রচারমাধ্যমের মতোই চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রচারমাধ্যমও নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যানুষ্ঠান সম্প্রচার করে। তবে বাকি দুনিয়ার সঙ্গে চীনা সম্প্রচারের তফাত ছিল। তফাতটা হচ্ছে, চীনারা মানবাধিকার ও গণতন্ত্র, দালাই লামার সঙ্গে সম্পর্ক, দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাইওয়ানের ঘনিষ্ঠতা ইত্যাদি বিষয়ে নেলসন ম্যান্ডেলার ‘স্পর্শকাতর’ উদ্ধৃতিগুলো কাটছাঁট করে প্রচার করে। অন্য একটি মহাদেশের একজন সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তির শেষকৃত্যানুষ্ঠানও চীন সরকারের সেন্সরশিপের আওতামুক্ত থাকতে পারেনি।
লিউ সিয়াওবোকে কেউ কেউ নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করায় চীনের সরকারি প্রচারমাধ্যম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস-এর এক সম্পাদকীয়তে লিখেছে, সংগ্রাম, সহনশীলতা ও মতপার্থক্য ঘোচানোর প্রচেষ্টার মাধ্যমে আফ্রিকার জনগণকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে জয় এনে দেওয়ার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যান্ডেলা। কিন্তু সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া এবং মূলধারার চীনা সমাজ প্রত্যাখ্যান করেছে, এমন একজন কারাবন্দীকে নোবেল পুরস্কারে ভূষিত করা চীনের বিচার বিভাগকে অবজ্ঞা করার শামিল।
সরকারি সেন্সরশিপের কোপ সত্ত্বেও অবশ্য কিছুসংখ্যক ওয়েইবো (চীনা ক্ষুদে ব্লগ সাইট) ব্যবহারকারী ভিন্নমত প্রকাশ করতে ছাড়েননি। একজন লেখেন, ‘আমরা এমন একজনকে স্মরণ করছি, যিনি মানবাধিকার, স্বাধীনতা ও সাম্যের আদর্শকে শ্রদ্ধা করতেন এবং এসবের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু একই ধরনের কাজ করায় সিয়াওবোকে জেলে ভরা হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘ম্যান্ডেলা চীনা হলে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হতো।’
ওয়েইবো ব্যবহারকারীদের অনেকে সিয়াওবো ও ম্যান্ডেলাকে তুলনা করেছেন আরেক খ্যাতিমান নোবেল বিজয়ী মিয়ানমারের অং সান সু চির সঙ্গে। গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ের জন্য সু চিও বহুদিন অন্তরীণ ছিলেন। একজন লিখেছেন, ‘তফাতটা হচ্ছে ম্যান্ডেলা বা সু চি একসময় মুক্তি পেয়েছেন। কিন্তু চীনে কেউ একবার কারাগারে ঢুকলে তিনি একেবারে গায়েব হয়ে যান।’
 সুমন কায়সার, সূত্র: ইউএসনিউজ