চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে হুয়াই

বিশ্বে স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার চীন। এ বাজার দখলে বিশ্বের বড় বড় স্মার্টফোন ব্র্যান্ডগুলো সব সময় থাকে সচেষ্ট। এতদিন এই বাজারে শীর্ষে ছিল চীনের স্মার্টফোন ব্র্যান্ড শিয়াওমি। তবে বছরের তৃতীয় প্রান্তিকে অর্থাৎ, জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের হিসেবে শিয়াওমিকে পেছনে ফেলে শীর্ষস্থানে চলে এসেছে চীনের আরেকটি স্মার্টফোন ব্র্যান্ড হুয়াই। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের সর্বশেষ গবেষণা তথ্যে দেখা গেছে, বাজারে শিয়াওমির গতি কিছুটা কমে গেছে।
গতকাল বৃহস্পতিবার চীনের সিনা নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এ প্রথমবারের মতো বার্ষিক হিসেবে শিয়াওমির স্মার্টফোনের শিপমেন্ট কমতে দেখা গেল। এদিকে গত তিন মাসে গত বছরের তুলনায় ৮১ শতাংশ শিপমেন্ট বেড়েছে হুয়াইয়ের।
আরেক বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস টেকনোলজির তথ্য অনুযায়ী, গত প্রান্তিকে দুই কোটি ৭৪ লাখ ইউনিট ফোন বিক্রি করেছে হুয়াই সেখানে শিয়াওমি বিক্রি করেছে এক কোটি ৮৫ লাখ ইউনিট। তথ্যসূত্র: জেডনেট।