চুয়েটে রোবট দৌড় প্রতিযোগিতা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতা আগামী ২৪ ডিসেম্বর শুরু হবে। যন্ত্রকৌশল বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করছে রোবো ম্যাকাট্রনিক্স অ্যাসোসিয়েশন। চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রোবট দৌড় ২০১৩-এর কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় রোবট দৌড় ২০১৩-এর লোগো উন্মোচন ও এ-সংক্রান্ত ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের সহ-উপাচার্য রফিকুল ইসলাম, পুরকৌশল বিভাগের শিক্ষক ফারুকুজ্জামান এবং যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক সজল চন্দ্র বণিকসহ অনেকে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য www.roborace.rmabd.com ঠিকানায় গিয়ে নিবন্ধন করা যাবে। নিবন্ধন চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
—চুয়েট প্রতিনিধি