চুয়েটে শেষ হলো চারদিনের তথ্যপ্রযুক্তি উৎসব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেষ হয়েছে চার দিনের তথ্যপ্রযুক্তি উৎসব। চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত ‘সিএসই ফেস্ট-২০১৩’ শিরোনামের এ উৎসব শেষ হয়েছে গতকাল রোববার।
উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল প্রযুক্তিবিষয়ক সেমিনার, কর্মশালা, আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, প্রকল্প প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদি। উৎসবের প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩১টি দলের ৯৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
এতে প্রথম হয়েছে চুয়েট আল্ট্রাভায়োলেট, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চুয়েট ডাইনামাইট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোবাবিলিটি দল।
প্রকল্প প্রদর্শনীতে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় বিভাগে প্রথম হয়েছে চুয়েটের দুটি প্রকল্প। প্রকল্পগুলো হলো ‘হ্যান্ড থেরাপি ইউসিং বায়োইনফরমেটিক’ এবং ‘চুয়েট রুম’।
গেমিং প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ১০৬ জন প্রতিযোগী অংশ নেন। —চুয়েট প্রতিনিধি