চুরি গেছে তিন হাজার ছয়শো আইপ্যাড মিনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমান বন্দর থেকে গত ১২ নভেম্বর ১৫ লাখ ডলার মূল্যের তিন হাজার ছয়শোটি আইপ্যাড মিনি চুরি হয়েছে। চুরির ঘটনায় ১৭ নভেম্বর সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চীনের কারখানা থেকে এ আইপ্যাডগুলোর চালান এসেছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।এ প্রসঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিমানবন্দর এলাকায় দুজন লোক একটি ট্রাক নিয়ে প্রবেশ করে এবং বিমানবন্দরের যন্ত্রপাতি ব্যবহার করে তিন হাজার ছয়শোটি আইপ্যাড ট্রাকে ভর্তি করে। এসময় বিমানবন্দরের এক কর্মী তাঁদের প্রশ্ন করলে চোর গাড়ি সমেত দ্রুত সটকে পড়ে। চোর তিন হাজার ছয়শোটি আইপ্যাড মিনি চুরি করতে পারলেও বাকি পাঁচ হাজার চারশোটি আইপ্যাড চুরি করতে পারেনি। এদিকে চুরির বিষয়টি নিয়ে তদন্তকারী দল কাজ শুরু করেছে এবং বিমানবন্দরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে বলেই জানা গেছে। প্রসঙ্গত, চলতি মাসেই চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সুবিধার আইপ্যাড মিনি বিক্রি করা শুরু করবে অ্যাপল। এ প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি চীনের কারখানা থেকে অ্যাপল স্টোরের জন্য এ চালান জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছেছিল।