চুল কি পড়ে যাচ্ছে?

চুল তো পড়বেই। স্বাভাবিক নিয়মেই নির্দিষ্টসংখ্যক চুল প্রতিদিন ঝরে পড়ে মাথা থেকে। কিন্তু তার অভাব পূরণ করার মতো চুল গজাচ্ছে কি? কী করলে গজাবে নতুন চুল, তা নিয়ে পরামর্শ দিয়েছেন হারমনি স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা।
l যথাযথ পুষ্টিকর খাবার খান। নিয়ম করে মাছ খান। সামুদ্রিক মাছ নতুন চুল গজাতে সাহায্য করবে।
l আমলকী গুঁড়া করে আধা চা-চামচ করে খেয়েও দেখতে পারেন।
l সপ্তাহে এক দিন ঘৃতকুমারীর (অ্যালোভেরা) রস চুলে লাগান। নতুন চুল গজাবে।
l সপ্তাহে দুই দিন গরম তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল এবং একটু লেবু মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন। ফল দেখতে পাবেন নিজের চোখেই।
l আমলকী, হরীতকী, বহেড়া, শিকাকাই, মেহেদিপাতা এবং টক দই একসঙ্গে মিশিয়ে চুলে লাগালেও উপকার মিলবে।
l চুলের গোড়াটা পরিষ্কার রাখা খুব জরুরি। আর আপনার চুলে যদি রিবন্ডিং, পার্ম বা রং করে থাকেন, তাহলে বেছে নিন ক্যারোটিনসমৃদ্ধ শ্যাম্পু। রিঠা সারা রাত ভিজিয়ে রেখে সেটা দিয়েও চুল পরিষ্কার করতে পারেন। এটি প্রাকৃতিক শ্যাম্পুর কাজ করে।
l পাকা কলা, মধু, নারকেল তেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। চুল যেমন ঝলমলে হবে, তেমনি নতুন চুলও গজাবে।
l আমলকী ছেঁচে নিয়ে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে চুলে লাগান। দুই ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। নতুন চুল গজাবে। পাশাপাশি চুল পাকার প্রবণতাও কমবে।
l দুধ, মধু, ডিমের সাদা অংশ এবং পাকা পেঁপে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন। উপকার পাবেন।
l ডিমের পুরোটা অংশ, অল্প কিছু মেহেদিপাতা, টক দই, আমলকী এবং মাথার ত্বক তৈলাক্ত হলে তাতে লেবুর রস মিশিয়ে চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।
l মাথায় খুশকি থাকলে নতুন চুল গজাবে না। তাই এই খুশকি দূর করার জন্য নিমপাতা, পুদিনাপাতা ও তুলসীপাতা দিয়ে পানি ফুটিয়ে ঠান্ডা করে মাথার ত্বকে লাগান। মাথার ত্বক পরিষ্কার থাকলে নতুন চুল গজাবে।
l তেলের সঙ্গে ছোট ছোট পেঁয়াজের রস মিশিয়ে চুলে ম্যাসাজ করুন। পরে রিঠা দিয়ে ধুয়ে ফেললে নতুন চুল গজাবে। এই প্যাক ব্যবহার করতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন।
l খাবার নিয়ন্ত্রণ করছেন ভালো কথা। খাবারের তালিকা থেকে বাড়তি ক্যালরি বাদ দিন কিন্তু পুষ্টি বাদ দেবেন না মোটেও। শাকসবজি এবং দিনে একটি করে আমলকী বা পেয়ারা অবশ্যই খাবেন। প্রচুর পানি তো খাবেনই।
জেনে নিন

অনেকের মনে সন্দেহ জাগে, আসলেই কি চুল গজানো সম্ভব? জানুন হলি ফ্যামিলির চর্মরোগবিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ আফজালুল করিমের কাছ থেকে। তিনি বলেন, ‘চুল পড়াটাকে আমরা তিনভাবে দেখতে পারি। এক. হঠাৎ করে কিছু চুল পড়ে যাওয়া। দুই. প্রসব-পরবর্তী সময়ে বা হরমোনের কারণে চুল পড়ে যাওয়া আর তিন. বংশগতির কারণে চুল পড়ে যাওয়া। প্রথম দুটি ক্ষেত্রে চেষ্টা করলেই নতুন চুল গজানো সম্ভব। আর তৃতীয়টির ক্ষেত্রে সচরাচর মেয়েদের টাক হতে দেখা না গেলেও ছেলেদের মাথায় টাক পড়ে যায়। সে ক্ষেত্রে যদি চুল পড়ার সময়েই কোনো পদক্ষেপ নেওয়া যায়, তাহলে রক্ষা পাওয়া সম্ভব। তা না হলে ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় থাকে না।’