চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০ বছর পূর্ণ হলো ২২ জানুয়ারি। সেদিনই অনুষ্ঠিত হলো চুয়েটের আইসিটি উত্সব। উত্সবের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। এ সময় তিনি বলেন, দেশি শিল্পকে বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে আধুনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ব্যবহার বাড়াতে হবে। উত্সবে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক জামাল নজরুল ইসলাম। তিনি বলেন, আইসিটি খাতে সাফল্য আনতে হলে দেশে মানসম্মত বিজ্ঞান শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে হবে। আর সে ক্ষেত্রে মানবসম্পদ ও প্রযুক্তির ব্যবহারে সমন্বয় প্রয়োজন।উত্সবে ছিল নানা আয়োজন। এসবের মধ্যে ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রোগ্রামিং প্রতিযোগিতা, চুয়েটের শিক্ষার্থীদের সফটওয়্যার ও হার্ডওয়্যার প্রকল্প প্রদর্শনী, গেমস প্রতিযোগিতা, পেশা পরামর্শ ও সেমিনার। দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৫৯টি দলের ১৭৭ জন প্রতিযোগী প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভূষণ্ডির কাক, র্যান্ড একলিপটিক ও ইন্টেগ্রিটি এই প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনারে বুয়েটের অধ্যাপক মো. সাইদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল-আমিন ভূঁইয়া এবং চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী গবেষণাপত্র উপস্থাপন করেন। শিক্ষার্থীদের পেশাবিষয়ক পরামর্শ দেন হোয়াই টেকনোলজি (বাংলাদেশ) লিমিটেডের কর্মকর্তারা। হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রদর্শনীতে সিএনসি রাউটার মডেল তৈরির জন্য প্রথম পুরস্কার পান চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ছাত্র সৈয়দ আবু নাহিয়ান। এ ছাড়া স্বয়ংক্রিয় দরজার মডেল তৈরি করে তিনি দ্বিতীয় পুরস্কারও লাভ করেন। পানির কল নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির জন্য তৃতীয় পুরস্কার পান যন্ত্রকৌশল বিভাগের মাসুদ।উত্সবের শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করে ব্যান্ডদল সোলস। — কাউসার মো. নূরুন্নবী, চুয়েট প্রতিনিধি