চুয়েটে রোবটের যুদ্ধ যুদ্ধ খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়েটে গতকাল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের তৈরি রোবটদের প্রতিযোগিতা—রোবো ফাইট
চুয়েটে গতকাল অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের তৈরি রোবটদের প্রতিযোগিতা—রোবো ফাইট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে যুদ্ধ! তবে এ যুদ্ধ মানুষে মানুষে নয়। এটা রোবটের সঙ্গে রোবটের লড়াই। চুয়েটের তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের উদ্যোগে নবায়নযোগ্য শক্তিবিষয়ক জাতীয় সম্মেলন হবে আজ বৃহস্পতিবার। এ সম্মেলনের একটি অংশ হিসেবে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে রোবটদের এই যুদ্ধ। রোবো ফাইট নামের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪০টি দল।
রোবটের যুদ্ধ করার জন্য একটি বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে চুয়েটে। প্রতিবার যুদ্ধে অবতীর্ণ হয় দুটি করে রোবট। প্রতি যুদ্ধের সময় পাঁচ মিনিট। প্রতিপক্ষকে আঘাত ও নিয়ন্ত্রণ করার কৌশলের ওপর ভিত্তি করে বিজয়ী নির্ধারণ করা হবে। রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা হবে মঞ্চের বাইরে থেকে দূরনিয়ন্ত্রণ প্রযুক্তির মাধ্যমে। গতকাল রোবো ফাইটের প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে। কোয়ার্টার ফাইনালের জন্য নির্বাচিত হয়েছে আটটি দল। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার।
সম্মেলন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক মাহমুদ আবদুল মতিন ভূইয়া বলেন, ‘রোবট নিয়ে যুদ্ধ কথাটা শুনতে বিধ্বংসী মনে হলেও এর মূল লক্ষ্য হলো রোবটের নিয়ন্ত্রণকৌশল সহজে আয়ত্ত করা, যা পরবর্তী সময়ে দেশের রোবট গবেষণাকে এগিয়ে নিয়ে যাবে।’ গতকাল চুয়েটে মহাকাশ পর্যবেক্ষণেরও আয়োজন করা হয়। —মো. আসাদুজ্জামান, চুয়েট প্রতিনিধি