চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গত বৃহস্পতিবার হয়ে গেলে অভিনব এক দৌড় প্রতিযোগিতা। এটি মানুষের দৌড় নয়, এ প্রতিযোগিতা ছিল রোবটদের মধ্যে। নবায়নযোগ্য জ্বালানির ওপর তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম দিনে এ প্রতিযোগিতা ও প্রকল্প প্রদর্শনী শুরু হয়। পুরো আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আয়োজক সূত্রে জানা যায়, রোবট দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে আটটি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে চারটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তিনটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে চারটি দল অংশ নেয়। এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি করে দল অংশ নেয়। আজ রোবট দৌড়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে। এ ছাড়া অনুষ্ঠানের প্রকল্প প্রদর্শনী পর্বে বিভিন্ন বিষয়ের ওপর ১৬টি প্রকল্প দেখানো হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বয়ংক্রিয় গাড়ি পার্কিং, ভয়েসের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত রোবটিক আর্ম, ট্রেন দুর্ঘটনা এড়াতে স্বয়ংক্রিয় ব্যবস্থা, স্বয়ংক্রিয় ময়লা সংগ্রাহক ইত্যাদি।এ আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার চুয়েটনিউজ২৪ ডট কম। —চুয়েট প্রতিনিধি