চুয়েটে রোবট দৌড়ে বিইউবিটি সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবোরেসে চ্যাম্পিয়ন দল—বিইউবিটি
রোবোরেসে চ্যাম্পিয়ন দল—বিইউবিটি

চারদিক ঘিরে উ ৎ সুক শিক্ষার্থীদের ঢল, ভেতরে চলছে অ্যালুমিনিয়াম, লোহার রড আর বৈদ্যুতিক যন্ত্রপাতি দিয়ে তৈরি রোবটের দৌড় প্রতিযোগিতা। এ চিত্র চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্তবিশ্ববিদ্যালয় রোবট দৌড় প্রতিযোগিতার।
গত বুধবার শুরু হয়ে শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশে তৈরি রোবটদের নিয়ে এ আসর। নবায়নযোগ্য জ্বালানির ওপর যন্ত্রকৌশল বিভাগের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো রোবট দৌড় প্রতিযোগিতার আয়োজন করে চুয়েট। ‘রোবোরেস ২০১৪’ নামের এ প্রতিযোগিতার কারিগরি সহযোগিতায় ছিল শিক্ষার্থীদের গবেষণা সংগঠন রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন (আরএমএ)।
প্রতিযোগিতার সমাপনী দিনে চূড়ান্ত পর্বে অংশ নেয় আটটি দল। হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ‘সাইবারট্রন’ দলের রোবট। বিজয়ী দলের সদস্যরা হলেন, সালসেং মরং, আবু সায়েম মোহাম্মদ, মীর মাজেদুর রহমান, দীপক কুমার বর্মণ ও রিয়াদুল ইসলাম। এ দলের মীর মাজেদুর রহমান বলেন, ‘প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে ভালো লাগছে। এ ধরনের প্রতিযোগিতা রোবট বিজ্ঞানচর্চায় ভবিষ্য ৎ বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে বলে আশা রাখি।’
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয় যথাক্রমে চুয়েটের ‘ইইইভিএ’ এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ‘হারবিনজারস্’ দল। এ ছাড়া আকর্ষণীয় রোবট তৈরির জন্য চুয়েটের ‘ড্রিম থিয়েটার’ দলকে প্রতিযোগিতার বিশেষ পুরস্কার দেওয়া হয়।
শুক্রবার রাত নয়টায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ডিন মো. বদিউস সালাম ও বিভাগীয় প্রধান মো. আবদুল ওয়াজেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোলিয়াম বিভাগের প্রধান মো. মাহবুবুল আলম, টেলিযোগাযোগ বিভাগের প্রধান কাজী দেলোয়ার হোসেন ও কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষক মোহাম্মদ মশিউল হক।
এর আগে গত বুধবার ১৭টি বিশ্ববিদ্যালয়ের ৬৭টি দলের অংশগ্রহণে রোবটের এ দৌড় প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব শুরু হয়। বৃহস্পতিবার চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. নজরুল ইসলাম খান।
—মিজানুর রহমান, চুয়েট প্রতিনিধি