চুয়েটে শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তি সেবা অপর্যাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের কম্পিউটার এবং ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্র (সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি—সিআইসিটি) নামে যে প্রতিষ্ঠান রয়েছে সেটির অর্ধেকেরও বেশি কম্পিউটার নষ্ট। আবার চুয়েটের ছাত্রাবাসেও নেই ইন্টারনেট সেবা। ফলে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির দরকারি সেবা পাচ্ছে না। চুয়েটের সিআইসিটিতে মোট ৩৬টি কম্পিউটার রয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষার্থীর তুলনায় নিতান্তই কম। এর মধ্যে ১৫টি কম্পিউটার এখন অচল হয়ে পড়ে রয়েছে। এই কেন্দ্রের সবগুলো ইউপিএসের ব্যাটারি নষ্ট। বিকল্প বিদ্যুত্ সরবরাহের জন্য ব্যবহূত আইপিএসটিও নষ্ট। এ কেন্দ্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকলেও শিক্ষার্থীরা ছাত্রাবাসে ইন্টারনেট সুবিধা পাচ্ছে না।এ প্রসঙ্গে সিআইসিটির পরিচালক ফারুক-উজ-জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করতে এবং ইউপিএসগুলোকে কার্যকর করে তুলতে ৪৬টি ব্যাটারি কেনার জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান হবে।’ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চুয়েট ছাত্রাবাসে ইন্টারনেট সুবিধা না থাকায় শিক্ষার্থীদের এ কেন্দ্রের ওপর নির্ভর করতে হয়। কিন্তু সিআইসিটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য সকাল নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে। কিন্তু ওই সময় শিক্ষার্থীদের ক্লাস, পরীক্ষা থাকায় তারা কেন্দ্র ব্যবহার করতে পারে না। অনেক সময় কেন্দ্রটিতে ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হলে অন্য শিক্ষার্থীরা কাজ করতে পারেন না। শুক্রবার, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে কেন্দ্রটি বন্ধ থাকে।চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদ আলম সিদ্দীকি বলেন, ‘চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী হিসেবে আমাদের থিসিস, প্রকল্প (গবেষণা) করতে হয় যার জন্য সব সময়ই ইন্টারনেটের প্রয়োজন পড়ে। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে এ বিষয়ে কোনো সহায়তা না পাওয়ায় আমাদের গবেষণার কাজ ব্যাহত হচ্ছে।’ শিক্ষার্থীরা সিআইসিটি খোলার সময়সীমা বাড়ানোর পাশাপাশি ছাত্রাবাসে ইন্টারনেট সংযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘সিআইসিটির সমস্যা দূর করতে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ’বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমগ্র ক্যাম্পাসে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য বিটিসিএল ও টেলিটকের সঙ্গে কথা চলছে। ফারুক-উজ-জামান চৌধুরী বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে হায়ার এডুকেশন কোয়ালিটি এনহেন্ট প্রকল্পের আওতায় চুয়েট ২০ থেকে ২৫ লাখ টাকার একটি বাজেট পাচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে চুয়েটের বিভিন্ন গবেষণাগার এবং ছাত্রাবাসে ইন্টারনেট সুবিধা দেওয়া সম্ভব হবে। তবে তার জন্য এক বছর সময় লাগবে। —কাউসার মো. নূরুন্নবী