চুয়েটে হলো তথ্যপ্রযুক্তির জাতীয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) দক্ষ গণনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ‘ন্যাশনাল কনফারেন্স অন ইন্টেলিজেন্ট কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (এনসিআইসিআইটি)’ শিরোনামের এ সম্মেলনের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, ‘বিশ্বের প্রযুক্তি বাজারের সঙ্গে তাল মেলাতে আমাদের প্রযুক্তিসমৃদ্ধ হতে হবে।’
দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের মোট ৩৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। দেশ-বিদেশের ১৭টি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের নেতৃস্থানীয় গবেষক, বিজ্ঞানী ও শিক্ষকেরা প্রযুক্তির উন্নতি সম্পর্কে নিজেদের চিন্তার বিনিময় করেন।
সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল বিভাগের অধ্যাপক মো. মনিরুল ইসলাম। গণনাভিত্তিক বাস্তব সমস্যার সমাধানে তিনি ‘ইভলুশনারি পাথ কন্ট্রোল স্ট্রাটেজি (ইপিসিএস) পদ্ধতির প্রস্তাব করেন। সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রগুলো কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা জার্নালে (সিএসইআরজে) প্রকাশ করা হবে।
কম্পিউটার কৌশল বিভাগের প্রধান কৌশিক দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের সহ-উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ।
—চুয়েট প্রতিনিধি