চুয়েটের হলে রোবটের গবেষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি আবাসিক হলে গড়ে উঠেছে রোবটবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি গবেষণাগার। চুয়েটের ড. কুদরাত-এ-খুদা হলে সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ গবেষণাগারটি উদ্বোধন করেন হলের প্রাধ্যক্ষ রেজাউল করিম। তিনি গবেষণাগারে গবেষক ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব রকম সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এবারই প্রথম চুয়েটের হলে এ ধরনের কোনো গবেষণাগার চালু হলো। চুয়েটের রোবট ও তথ্যপ্রযুক্তিবিষয়ক গবেষণাকারী ছাত্রসংগঠন অ্যান্ড্রমিডা স্পেস অ্যান্ড রোবটিক রিসার্চ অ্যাসোসিয়েশন (অ্যাসরো) ও রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশনের (আরএমএ) যৌথ উদ্যোগে তৈরি হয়েছে গবেষণাগারটি। এ গবেষণাগারে বর্তমানে সংগঠন দুটি কয়েকটি দলে বিভক্ত হয়ে কাজ করছে।এসব কাজের মধ্যে আছে একটি উদ্ধারকারী সিরিজ রোবট তৈরি, যা ঘূর্ণিদুর্গত মানুষ উদ্ধারের কাজে ব্যবহূত হতে পারে।আরেকটি দল ইলেকট্রনিক ভোট গ্রহণ যন্ত্র ও আঙুলের ছাপের বিশ্লেষণ-পদ্ধতি উন্নত করা নিয়ে গবেষণা করছে। —চুয়েট প্রতিনিধি