চূড়ান্ত পর্বে বিজয়ী ১১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ l সংগৃহীত
হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ l সংগৃহীত

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) শুক্রবার অনুষ্ঠিত হলো ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭’-এর চূড়ান্ত পর্ব। সারা দেশে মোট ১৯টি আঞ্চলিক পর্বের ১ হাজার ২০০ জন বিজয়ী শিক্ষার্থী নিয়ে জাতীয় পর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এ সময় তিনি বলেন, ‘আগামী দিনের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সবচেয়ে বড় হাতিয়ার তোমরাই।’
উদ্বোধনী অনুষ্ঠানের পর শুরু হয় মূল প্রতিযোগিতা। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুক্রাবাদ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং প্রতিযোগিতা। অন্যদিকে, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতার পর প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব পরিচালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান লাফিফা জামাল। সমাপনী অনুষ্ঠানের আগে সংগীত পরিবেশন করেন মাহমুদুজ্জামান বাবু ও সন্ধি।
কেআইবি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, বর্তমানে প্রযুক্তি ব্যবহার করে ভালো করার অনেক সুযোগ রয়েছে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও অনেক গুরুত্বপূর্ণ। এ সময় আরও উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে প্রোগ্রামিং ও কুইজ দুই বিভাগে মোট ১১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।