চেয়ারম্যানদের বাড়িবন্দী তথ্যকেন্দ্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মধ্যের চর গ্রামের ফজলু মিয়া তাঁর ছেলের প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল ইন্টারনেটের মাধ্যমে জানতে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) খোঁজ করছিলেন। কয়েকজনকে জিজ্ঞেস করেও তথ্যকেন্দ্রের সঠিক তথ্যটি পেলেন না। শেষে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে গিয়ে জানতে পারেন, তথ্যসেবা চালু নেই। এই ইউআইএসসির উপকরণ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মডেম শোভা পাচ্ছে ইউপি চেয়ারম্যানের বাড়িতে, তা-ও আবার ব্যক্তিগত জিম্মায়। চেয়ারম্যান ও উদ্যোক্তাদের উদাসীনতার কারণেই ফজলু মিয়ার মতো প্রান্তিক মানুষের হাতের কাছে তথ্যপ্রযুক্তির সেবা পাওয়ার সরকারি উদ্যোগ কাজে আসছে না।জানতে চাইলে শিমুলকান্দি ইউপির চেয়ারম্যান বাবুল মিয়া অভিযোগ স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘কাজটি আমি ঘরে বসেই করি। যারা আসে, তাদের প্রয়োজন মিটিয়ে থাকি।’সম্প্রতি অনুসন্ধানে দেখা গেছে, ভৈরব উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে শিমুলকান্দির মতো সাদেকপুর ইউনিয়নের ইউআইএসসির উপকরণও আছে চেয়ারম্যানের বাড়িতে। কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের কম্পিউটারটি চুরি হয়ে যাওয়ায় দীর্ঘদিন সেবা বন্ধ ছিল। গজারিয়া ইউপির তথ্যসেবা কেন্দ্রটির অবস্থান একটি ছবি তোলার স্টুডিওতে। শ্রীনগর ইউনিয়ন পরিষদেরটি পুরোনো বাজারের একটি ওষুধের দোকানে। আগানগর ইউনিয়ন পরিষদটির প্রথমে চৌমুহনী বাজারের একটি দোকান ঘরে থাকলেও এখন ইউনিয়ন পরিষদে নেওয়া হয়েছে। একমাত্র শিবপুর ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্রটি পরিষদের কার্যালয়ে চালু রাখা আছে। এলাকাবাসীর অভিযোগ, তথ্য ও সেবাকেন্দ্রটি সঠিকভাবে পরিচালনায় চেয়ারম্যানরা উদাসীন।ভৈরব উপজেলার তথ্য ও সেবাকেন্দ্রের সর্বশেষ অবস্থা সরেজমিনে দেখতে উপজেলার সাত ইউনিয়নে গিয়ে চোখে পড়ে রুগ্ণ চিত্র। অনেকেই জানেন না ইউনিয়নে তথ্যসেবা নামে কোনো কর্মসূচি চালু আছে। কোনো কেন্দ্রেই সাইনবোর্ড পর্যন্ত নেই। তবে মূল কাজে উদ্যোক্তাদের আগ্রহে ভাটা থাকলেও বাণিজ্যিকভাবে মুঠোফোনে গান ভরে দেওয়ার ব্যবসাটি জোরেশোরে পরিচালনা করার অভিযোগ আছে।শ্রীনগরের ইউআইএসসির খোঁজ মেলে পুরোনো বাজারের একটি ওষুধের দোকানে। দোকানমালিক সাবেক ইউপি সদস্য আয়েত আলী বলেন, ‘নিজের কাজ সেরে সেবা দিতে হয়। তার ওপর বিদ্যুৎ থাকে না, ভোল্টেজ কম ও প্রিন্টার নেই।সাদেকপুর ইউপির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘আমার ইউনিয়ন পরিষদের কার্যালয় নেই। তাই আমার বাড়িতে রেখে নিজেই কোনো রকম কাজটি করে যাচ্ছি।’ গজারিয়া ইউনিয়ন পরিষদের তথ্য ও সেবাকেন্দ্রের স্থান নির্ধারণ করা হয় একটি ছবি তোলার স্টুডিওতে। ওই ইউনিয়নের উদ্যোক্তা স্টুডিওর মালিক রেফায়েত উল্লাহ বলেন, ‘সুবিধামতো কখনো ইউনিয়ন পরিষদে আবার কখনো আমার স্টুডিওতে রেখে সেবা দিয়ে আসছি।’তবে শিবপুর ইউনিয়ন কেন্দ্রের উদ্যোক্তা রুবেল মিয়া বলেন, ইউনিয়ন পরিষদ থেকে আমি সেবাটি দিয়ে আসছি।’ গড়ে প্রতিদিন ২০ জন করে সেবা নিতে কেন্দ্রে আসছে। ঠিকমতো পরিচালনা করলে এই কেন্দ্র থেকে সত্যিই সহজে তথ্যপ্রযুক্তির সেবা প্রান্তিক মানুষজন পেতে পারে। এতে উদ্যোক্তারাও নিজেদের আয় বাড়াতে পারে।এ প্রসঙ্গে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, বিদ্যুতের সমস্যাসহ নানা কারণে উদ্যোগটি পুরোপুরি লোকজনের প্রয়োজন মেটাতে পারছে না। তবে বিকল্প হিসেবে ল্যাপটপ কম্পিউটার দেওয়ার চিন্তা আছে। ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা চেয়ারম্যানরা নিজেদের নিয়ন্ত্রণে রেখে কেন্দ্র পরিচালনা করছেন কি না, তা খতিয়ে দেখা হবে বলেতিনি জানান।প্রসঙ্গত, ২০১০ সালের ১১ নভেম্বর সারাদেশের চার হাজার ৫০১টি ইউনিয়নের প্রতিটিতে একসঙ্গে ইউআইএসসি চালু করা হয়। প্রতিটি কেন্দ্র পরিচালনার জন্য একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়ে নিয়োগ দেওয়া হয়। তথ্যসেবা দিয়ে তাঁদের আয় করার কথা। —সুমন মোল্লা, ভৈরব