চোখ খুলে দিল ইন্টারনেট উৎসব
‘পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই। গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব আমার চোখ খুলে দিল।’ কথাগুলো গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তারের।গতকাল শনিবার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিয়েছিল সানজিদা।এদিকে গতকাল কিশোরগঞ্জ, মৌলভীবাজারের কুলাউড়ায়, পটুয়াখালী ও চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হয়।গাইবান্ধা: সকালে জাতীয় সংগীতের মাধ্যমে গাইবান্ধার আসাদুজ্জামান গার্লস স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেট উৎসব শুরু হয়। পরে কলেজের অধ্যক্ষ এ কে এম গোলাম আযম উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রামীণফোনের রংপুর এরিয়া ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকী, প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীন। এরপর বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় শুরু আই-জিনিয়াস প্রতিযোগিতা। এতে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯৬ জন প্রতিযোগীর মধ্যে আই-জিনিয়াস নির্বাচিত হয় গাইবান্ধা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর (বিজ্ঞান) ছাত্র শফিকুর রহমান সিফাত।প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব প্রতিযোগীকে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া প্রথম আলোর পক্ষ থেকে আই-জিনিয়াস শফিকুর রহমান ও ভেন্যু প্রতিষ্ঠানপ্রধানের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় গ্রামীণফোনের পক্ষ থেকে ভেন্যু প্রতিষ্ঠানের জন্য একটি ইন্টারনেট সিমসহ মডেম দেওয়া হয়।উৎসবে গাইবান্ধার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।ভেন্যু প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম আযম বলেন, তৃণমূল পর্যায়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আয়োজন সময়োপযোগী পদক্ষেপ।গ্রামীণফোনের রংপুর এরিয়া ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ উদ্যোগ ইন্টারনেটের শক্তিতে দেশ গঠনে আগামী প্রজন্মের ভূমিকাকে আরও গতিশীল করবে।’মৌলভীবাজার: গতকাল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সদরের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব।কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী নূসরাত নূরী ছিল উৎসবের দর্শক সারিতে। সে কখনো ইন্টারনেট ব্যবহার করেনি। ইন্টারনেট নিয়ে তার দারুণ কৌতূহল। কৌতূহল মেটাতে নূরীর মতো আরও অনেকে ছুটে এসেছে উৎসবে।সকালে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধন করেন কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ।কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান চৌধুরী আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন প্রজন্ম তথ্যপ্রযুক্তির ভালো দিকটাই গ্রহণ করবে। খারাপ দিক বর্জন করবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গ্রামীণফোন সিলেট বিভাগীয় প্রধান এ এস এম হেদায়েতুল হক ও প্রথম আলোর মৌলভীবাজার জেলা প্রতিনিধি আকমল হোসেন।এরপর শুরু হয় আই-জিনিয়াস প্রতিযোগিতা। আই-জিনিয়াস নির্বাচিত হয় কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ফাতেমা রউফ।প্রতিযোগিতা শেষে আই-জিনিয়াস প্রতি-যোগিতায় অংশগ্রহণ-কারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন উৎসবের অতিথিরা।মিরসরাই: মিরসরাইয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর জগৎটাকে জয় করার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ইন্টারনেট উৎসব। গতকাল উপজেলার দুটি কলেজ ও নয়টি উচ্চবিদ্যালয়ের বিপুল-সংখ্যক শিক্ষার্থী মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত উৎসবে যোগ দেয়।সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে চলার শপথবাক্য পাঠ করান বন্ধুসভা বিশেষ টিমের সদস্য বিবর্ধন রায় ইমন।উৎসবের উদ্বোধনী বক্তব্যে ভেন্যু বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণচন্দ্র দে বলেন, ‘এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। ইন্টারনেট নিয়ে একটি উৎসব হতে পারে, এ ধারণা আমার ছিল না।’ গ্রামীণফোন চট্টগ্রামের রিজিওনাল (সেলস) ম্যানেজার জহির রায়হান বলেন, ইন্টারনেট উৎসব আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের নানাবিধ সুবিধা সম্পর্কে জানতে পারবে। উৎসবে আই-জিনিয়াস নির্বাচিত হয় সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. আবির চৌধুরী।পটুয়াখালী: পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান খান। উদ্বোধনী বক্তব্যে প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘প্রথম আলো সংবাদ প্রকাশের পাশাপাশি সিডর-আইলায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে অনেক প্রশংসা কুড়িয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছে। এখন জাতি গঠনে শিক্ষার্থীদের নিয়ে যে ইন্টারনেট উৎসবের আয়োজন করেছে, তা আমাদের মন জয় করেছে।’গ্রামীণফোন বরিশাল অঞ্চলপ্রধান মাহাবুবুল আলম বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইন্টারনেটের শিক্ষায় আলোকিত করে তোলা আমাদের দায়বদ্ধতার মধ্যেই পড়ে। এ লক্ষ্যে গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব যাত্রা শুরু করেছে।’এখানে আই-জিনিয়াস নির্বাচিত হয় পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মাসুদ পারভেজ।কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজে অনুষ্ঠিত গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব অভূতপূর্ব সাড়া জাগায়। গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ মো. আরজ আলী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান বলেন, আজ শিক্ষার্থীদের সামনে অপার সম্ভাবনা। তারা ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছে।প্রথম আলোর সহযোগী সম্পাদক সোহরাব হাসান বলেন, ‘এই উৎসবে নতুন প্রজম্মের ছেলেমেয়েদের উৎসাহ ও আগ্রহ দেখে বলতে দ্বিধা নেই—আমরা অবশ্যই সফল হব এবং সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’গ্রামীণফোনের ময়মনসিংহ জোনের আঞ্চলিক ব্যবস্থাপক মো. সিরাজউদ্দিন লস্কর বলেন, ‘বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার উপযুক্ত করে গড়ে তোলাই হবে আজকের এই অনুষ্ঠানের সার্থকতা।’ কিশোরগঞ্জে আই-জিনিয়াস নির্বাচিত হয় মো. তৌফিকুজ্জামান।এ উৎসবের সহযোগী অংশীদার হিসেবে আছে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং ওয়েব দেখার জনপ্রিয় সফটওয়্যার অপেরা মিনি। উৎসবে সার্বিক সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, গাইবান্ধা, পটুয়াখালী ও মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি