
‘চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে/ অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে’—রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের পঙিক্ত এটি। মনের চোখ দিয়ে আমরা কল্পনা হয়তো বা করে নিই, তবে যদি কারোর চোখের জ্যোতি নিভে যায়, সেই দুর্ভাগ্যটার অনুভূতি আমাদের যাদের চোখ রয়েছে, তারা কখনোই বুঝতে পারব না। দেশে দৃষ্টিহীন ব্যক্তিদের মধ্যে একটা বিরাট অংশের দৃষ্টি আবার ফিরিয়ে আনা সম্ভব, শুধু কর্নিয়া নামক চোখের সামনে অবস্থিত স্বচ্ছ পর্দাটি প্রতিস্থাপনের মাধ্যমে।
২ নভেম্বর ছিল ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’। স্বেচ্ছায় রক্তদান নিয়ে সন্ধানী অনেক আগে থেকেই কাজ করে যাচ্ছে, এতে তাদের সাফল্যও অনেক বেশি। এবার মানুষকে রক্তদানের পাশাপাশি মরণোত্তর চক্ষুদানেও উদ্বুদ্ধ করার জন্য ২ নভেম্বর সন্ধানী জাতীয় কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছিল প্রচারণামূলক এক সাইকেল র্যালির। জাতীয় সংসদ ভবন থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয় র্যালিটি। টি-শার্ট পরে সাইকেলে প্যাডেল মারতে মারতে নতুন প্রজন্মের প্রতিনিধিরা মানুষকে জানিয়েছেন রক্তদান ও মরণোত্তর চক্ষুদান সম্পর্কে। আবার র্যালি শেষ করেই শহীদ মিনারে আয়োজিত রক্তদান অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্ত সংগ্রহ করেছেন সন্ধানীয়ানরা।
গ্রিন বেঙ্গল সাইক্লিস্ট গ্রুপ, মান্তুল, এসএসএমসি সাইক্লিস্ট, রক্তসৈনিক, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশনের ৮৭ জন সাইকেল আরোহী এই র্যালিতে অংশ নিয়েছিলেন সেদিন। ঠিকমতো প্রচারণা করলে দেশেই রক্ত ও কর্নিয়ার অভাব পূরণ করা সম্ভব, এমনটাই মনে করেন সন্ধানী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আকিব জাহান, ‘প্রতিবছর প্রায় ৩০ হাজার কর্নিয়া প্রয়োজন হলেও ২৫০টির বেশি কর্নিয়া পাওয়া যায় না। তরুণদের আমরা যেমন রক্তদানে উৎসাহ জোগাতে পারছি, তেমনি সবাইকে জানাতে পারলে কর্নিয়ার এই বিপুল চাহিদাও অনেকটা পূরণ করা সম্ভব।’
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহসভাপতি ডা. জয়নাল আবেদিনের ভাষ্য মতে, ‘আমাদের দুর্ভাগ্য, কর্নিয়াজনিত অন্ধত্ব সম্পূর্ণভাবে ঠিক করা সম্ভব হলেও কেবল সচেতনতার অভাবে অনেককে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের প্রয়োজন ব্যাপক প্রচারণা।’
আর স্বেচ্ছায় রক্তদান নিয়ে তো সন্ধানীর কার্যক্রম চলে বছরব্যাপীই। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ থেকে র্যালিতে অংশ নিয়েছেন সন্ধানী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাশুদুল হক। ‘তরুণ প্রজন্মের মাঝে রক্তদানে অনেকটাই উৎসাহ এসেছে। রক্তদানের ব্যাপারে অহেতুক ভয়ভীতি দূর করার মাধ্যমে একদিন আমাদের দেশও রক্তদানে স্বয়ংসম্পূর্ণ হবে’ বললেন মাশুদ। গ্রিন বেঙ্গল সাইক্লিস্ট গ্রুপের পক্ষ থেকে অংশ নেওয়া এস এম মনজুর আজাদের কণ্ঠেও একই সুর।
অনেকটা পথ সাইকেলে পাড়ি দিয়ে বেশ একটু হাঁপাচ্ছিলেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির কাজী রিয়াজ । ‘শুধু কর্নিয়া দান ও প্রতিস্থাপনের মাধ্যমে যে এত লোকের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব, তা অনেকেই জানেন না। সবাইকে বলতে চাই, আরও বেশি করে এ রকম কর্মসূচির মাধ্যমে সবাইকে এ ব্যাপারে জানানো হোক। এ জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে হলেও যাব।’