চোখের ইশারায় চলছে ল্যাপটপ

হাতের ইশারা বা কণ্ঠস্বরের মাধ্যমে নয়, এবারে চোখের ইশারায় ল্যাপটপ চালানোর প্রযুক্তি ল্যাপটপে যুক্ত করেছে টোবি। সুইডেনভিত্তিক প্রযুক্তি উদ্যোক্তা প্রতিষ্ঠান টোবির তৈরি বিশেষ এ ইউএসবিসদৃশ পণ্যটির নাম ‘রেক্স’। রেক্সের প্রযুক্তিটি এবারে ল্যাপটপে বিল্ট ইন রাখার ঘোষণা দিয়েছে টোবি। এক খবরে এ তথ্য জানিয়েছে ম্যাশেবল।
দুই বছরের বেশি সময় ধরেই চোখের সাহায্যে কম্পিউটার নিয়ন্ত্রণের প্রযুক্তি নিয়ে কাজ করছে টোবি। চলতি বছরের জানুয়ারিতে লাস ভেগাসে অনুষ্ঠিত কনজুমার ইলেকট্রনিকস শোতে চোখের ইশারায় কম্পিউটার চালানো যায় এমন প্রযুক্তি প্রদর্শন করেছিল টোবি।
‘রেক্স’ নামের এই পণ্যটি ল্যাপটপ ও ডেস্কটপের উপযোগী করে বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। টোবি জানিয়েছে, ল্যাপটপের সঙ্গে ‘রেক্স’ যুক্ত থাকায় এর গেজ ইউজার ইন্টারফেসের সাহায্যে চোখ দিয়েই নিয়ন্ত্রণ করা যাবে ল্যাপটপ।
টোবির ইউএসবিসদৃশ রেক্স ডেস্কটপেও ব্যবহার করা যাবে। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর কম্পিউটারে রেক্স সবচেয়ে ভালো কাজ করবে। উইন্ডোজ ছাড়াও ম্যাক কম্পিউটার সমর্থন করবে রেক্স।