চোখের ইশারায় চলবে টিভি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার চোখের ইশারায় নিয়ন্ত্রণ করা যাবে টেলিভিশন। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ট্রেড শোতে এই বিশেষ প্রযুক্তির টেলিভিশন দেখানো হয়। সুইডিশ প্রতিষ্ঠান টোবির তৈরি করা এ প্রযুক্তি ইতিমধ্যে কম্পিউটার ব্যবহারের জন্যও তৈরি করা হয়েছে। এ প্রযুক্তির মাধ্যমে বন্ধ করা এবং চালু করার ব্যবস্থা ছাড়া বাকি সব ধরনের কার্যক্রমই চোখের ইশারায় করা যাবে। টেলিভিশনের শব্দনিয়ন্ত্রণ, চ্যানেল পরিবর্তনসহ প্রয়োজনীয় কাজগুলো মনিটরে দেখা যাবে এবং চোখের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যাবে!বর্তমানে এ প্রযুক্তিটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রচলিত রিমোট কন্ট্রোলের বাইরে এ ব্যবস্থা টেলিভিশন দেখার ব্যবস্থাকে নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে। নতুন এ প্রযুক্তির অন্যতম বিষয়টি হচ্ছে একটি বিশেষ সেন্সর, যা টেলিভিশনে যুক্ত থাকে। এটি চোখের ইশারা অনুযায়ী পরিচালিত হয়, যা টেলিভিশন নিয়ন্ত্রণ করতে পারে। তোবির প্রধান নির্বাহী হেনরিক এসকিলসন বলেন, ‘ভবিষ্যৎ প্রযুক্তি এবং ব্যবহারকারীদের ইলেকট্রনিকস পণ্য ব্যবহারের দারুণ ও সহজ উপায় বের করতেই আমাদের এ প্রচেষ্টা।’ এ প্রতিষ্ঠানটি মূলত শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বিশেষ প্রযুক্তির কম্পিউটার তৈরির কাজ করে থাকে। আগামী বছর চোখের ইশারায় নিয়ন্ত্রিত বিশেষ এ টিভি পাওয়া যাবে বলে জানা গেছে।—বিবিসি অবলম্বনে কাজী আশফাক আলম