চ্যাম্পিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিথিদের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন চ্যাম্পিয়ন দলের তিন সদস্য
অতিথিদের কাছ থেকে পুরষ্কার নিচ্ছেন চ্যাম্পিয়ন দলের তিন সদস্য

চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘জেইউ ও-এন-কিউব’। শিক্ষার্থীদের জন্য কম্পিউটার প্রোগ্রামিং আয়োজন জাতীয় কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (এনসিপিসি) ২০১৬-এ ১২টি সমস্যার মধ্যে ১১টির সমাধান দিয়েছেন তাঁরা। এই দলের সদস্যরা হলেন মো. নাফিস সাদিক, রাইহাত জামান ও নিলয় দত্ত।
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের আয়োজনে ১১ মার্চ শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি আয়োজনে সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সারা দেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২৬টি দল এতে অংশ নেয়। প্রতি দলে তিনজন সদস্য। প্রতিযোগিতা শেষে গতকাল শনিবার বিকেলে ফলাফল প্রদান করা হয়। এ সময় প্রতিযোগীদের উদ্দেশে প্রধান অতিথি ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) মেয়র আনিসুল হক বলেন, ‘গার্মেন্টস শিল্পের পর বর্তমানে দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হচ্ছে তথ্যপ্রযুক্তি। বিনয়ী হোন, শিখতে পারবেন। তাহলেই সমাজে আলো ছড়াতে পারবেন।’
ইউএপির উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, তাতে এ ধরনের প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রতিযোগীরা অবদান রাখবেন। ইউএপি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাউয়ুম রেজা চৌধুরী, ইউএপির উপ-উপাচার্য এম আর কবীর, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম এ সময় বক্তৃতা করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ ফাইয়াজ, মো. সামিউল ইসলাম ও হাসিব আল মোহাইমেনের দল ‘এনএসইউ বাগ লাভার্স’ রানার্সআপ হয়েছে।
বিভাগীয় চ্যাম্পিয়ন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দল ‘জেইউ ও-এন-কিউব’ (ঢাকা), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘রুয়েট ওয়াওয়াওয়া ভি ২.১’ (রাজশাহী), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘চুয়েট-ইন-স্ট্যাক’ (চট্টগ্রাম), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘খুব মজা হইছে’ (খুলনা), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘কিং আব্দুল্লাহ আল মারুফ’ (সিলেট), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘এইচটিইউ একসেস ডিনাইড’ (রংপুর)।