
বাক্স্বাধীনতার জন্য মানুষের লড়াই যুগ যুগ ধরে। এই সংগ্রাম ও বিপ্লব বাকস্বাধীনতাকে চিরন্তন করে তুলেছে। ‘বাকস্বাধীনতার চর্চাই ধ্রুব’ বিষয়ের পক্ষে, এমন যুক্তি তুলে ধরে ডিএমপি ইয়ুথ ডিবেট কার্নিভালে চ্যাম্পিয়নের খেতাব জিতল তিন বন্ধুর দল ঢাকা বিশ্ববিদ্যালয় জসীমউদ্দীন হল বিতর্ক ক্লাব। আর এই তিন বন্ধু হলেন সমাজবিজ্ঞানের শিক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান, জিহাদ আল মেহেদী ও সমাজকল্যাণ বিভাগের জাহেদুল ইফতেখার। চূড়ান্ত পর্বে বিজয়ী দল প্রতিযোগিতা করে নটর ডেম কলেজ বিতর্ক দলের সঙ্গে। চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনসাধারণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বিতার্কিকেরাই হতে পারে নির্ধারক, এমন উদ্দেশ্য নিয়ে ২২ জানুয়ারি থেকে শুরু হয় এই বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের বিভিন্ন পর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ইস্টার্ন ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ইডেন কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪০টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে অনুভূতি জানাচ্ছিলেন জাহেদুল ইফতেখার, ‘আমাদের দল সম্প্রতি বিটিভির ২১তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় রানারআপ হয়েছে। তবু ডিএমপির এই ট্রফিটাই আমার চোখে এই দলের সেরা অর্জন। চ্যাম্পিয়ন হতে পেরে ভীষণ ভালো লাগছে।’ কিন্তু বিজয়ী দলের দলনেতা ও স্নাতকোত্তর পড়ুয়া আবদুল্লাহ আল ইমরানের কথায় শোনা গেল বিরহের সুর, ‘আর কিছুদিন বাদেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষ হয়ে যাচ্ছে। ক্লাবের হয়ে এটিই আমাদের দলের শেষ প্রতিযোগিতামূলক বিতর্ক। সেরা হয়ে বিতর্ক জীবনের ইতি টানতে পেরে ভালো লাগছে।’
চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জিহাদ আল মেহেদী। তবে পুরো প্রতিযোগিতার সেরা বক্তার পুরস্কার জেতেন ইমরান। প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে তাঁরা পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফি। এ ছাড়া বিজয়ী দল পাবে বিমানে কক্সবাজার ভ্রমণ ও পাঁচ তারকা হোটেলে থাকা-খাওয়ার সুযোগ। ভ্রমণের সুযোগ প্রসঙ্গে জিহাদ আল মেহেদী খুবই উচ্ছ্বসিত, ‘জীবনে বহু প্রতিযোগিতায় সেরা হয়েছি। কিন্তু এমন পুরস্কার পাইনি। কক্সবাজারে গিয়ে কী কী করব এখন সেই হিসাব করছি।’
শুধু মেহেদী একা নন, তিন বন্ধুই উচ্ছ্বসিত এমন পুরস্কারপ্রাপ্তিতে। তাঁরা নাকি কখনো বিমানভ্রমণ করেননি। এমনকি থাকেননি পাঁচ তারকা হোটেলেও। উচ্ছ্বাসের কমতি নেই তাই ১৯ ফেব্রুয়ারির সম্ভাব্য ভ্রমণ নিয়ে। ফলে ভ্রমণটি স্মৃৃতির মণিকোঠায় ঠাঁয় দিতে বিতার্কিক তিন বন্ধুর এখন দিস্তা দিস্তা পরিকল্পনা!