অ্যারেনা অব ভ্যালর বাংলাদেশ আয়োজিত ‘এআইসি সাউথ এশিয়া কোয়ালিফায়ার্স ২০২২’ শীর্ষক আন্তর্জাতিক ই-স্পোর্টস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মিয়ানমারের ‘স্টারি হোপ’। ১৮ হাজার মার্কিন ডলার পুরস্কার পাওয়ার পাশাপাশি সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠেয় অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেবে দলটি।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বাংলাদেশের মারটার্স ব্রুট ফোর্স ডিমেন্টরস। ১৪ হাজার ডলার পুরস্কার পেয়েছে দলটি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম হয়েছে বাংলাদেশের তিনটি দল। সেগুলো হলো উই ই-স্পোর্টস আরমাডা, ভেনোম ই-স্পোর্টস এবং উই ইস্পোর্টস ওরিয়েন্টাল ফিনিক্স। দলগুলো পেয়েছে যথাক্রমে ৮, ২ এবং ২ হাজার ডলার পুরস্কার। শুক্রবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ী দলগুলোকে এ পুরস্কার দেওয়া হয়।
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত তিন দিনের এ প্রতিযোগিতায় বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়া ও মিয়ানমার থেকে আঞ্চলিক পর্বে বিজয়ী আটটি দল অংশ নেয়। তবে ভিসাজটিলতার কারণে মিয়ানমার থেকেই অনলাইন প্রতিযোগিতায় অংশ নেয় ‘স্টারি হোপ’।