চ্যাম্পিয়ন সাংহাই জিয়াও তং রানার্সআপ বুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং আয়োজন এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) ঢাকা পর্বে চীনের সাংহাই জিয়াও তং বিশ্ববিদ্যালয়ের মিথরিল দল চ্যাম্পিয়ন হয়েছে। দলটি সাতটি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে। সমান সংখ্যক সমাধান দিয়ে সময়ের ব্যবধানে রানার্সআপ হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চোকার দল।গতকাল শনিবার সকালে ঢাকার একটি হোটেলে পাঁচ ঘণ্টা ধরে চলে এ প্রতিযোগিতা। এবারে আইসিপিসির ঢাকা পর্বের আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। চীনের দুটি ও ভারতের একটি দলসহ বাংলাদেশের ৬৪টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫০টি দল এতে অংশ নেয়। এর আগে অনলাইনে ৪০০টি দলের মধ্যে প্রাথমিক প্রতিযোগিতা থেকে এ দলগুলোকে বেছে নেওয়া হয়। গতকাল রাতে বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সাংসদ সাবের হোসেন চৌধুরী, অ্যামচ্যামের সভাপতি আফতাব-উল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক ও ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান।সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন আইসিটিসচিব নজরুল ইসলাম খান, ডিআইইউর উপাচার্য এম লুৎফর রহমান, প্রতিযোগিতার পরিচালক সৈয়দ আকতার হোসেন ও মো. সবুর খান।প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন করে প্রোগ্রামার অংশ নেন। সঙ্গে ছিলেন একজন করে কোচ। ঢাকা পর্বের চ্যাম্পিয়ন সাংহাই জিয়াতুং বিশ্ববিদ্যালয়ের মিথরিল দলের সদস্যরা হলেন সাং জিংবো, জিন বিন ও গাউ জিয়াংজ। রানার্সআপ বুয়েট চোকার দলে আছেন মো. হাফিজ উদ্দিন, মো. নাজমুল হাসান ও প্রসেনজিৎ বড়ুয়া। ছয়টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করে তৃতীয় স্থানে রয়েছে চীনের ফুদান বিশ্ববিদ্যালয়ের সিয়ারপিন্সকি (ইউ রংঘুই, লিউ রেনইউ ও ঝাউ জুন)। ঢাকার প্রতিযোগিতা থেকে একাধিক দল আগামী বছরের জুনে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এসিএম-আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে। ঢাকা পর্বে প্রোগ্রামিং প্রতিযোগিতা ছাড়াও ছিল ক্যারিয়ার-কথা, প্রযুক্তি-কথা, ক্লাউড কম্পিউটিং ও প্রদর্শনীর আয়োজন। প্রতিযোগিতার আয়োজক কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ কায়কোবাদ বলেন, দেশে এ ধরনের প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলবে। প্রতিযোগিতাতে শহরের শিক্ষার্থীদের সঙ্গে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও লড়েছেন। এটা অনেক আশাজনক দিক।এ আয়োজনে কম্পিউটার হার্ডওয়্যার সহযোগিতায় ছিল গ্লোবাল ব্র্যান্ড (বিডি) লিমিটেড। এ ছাড়াও অন্য সহযোগীরা হলো ক্লাউড স্পোকস, থেরাপ বিডি ও গাজী কমিউনিকেশন। —জিয়াউর রহমান চৌধুরী