চ্যালেঞ্জের মুখে স্যামসাং
সম্প্রতি দুটি ঘটনা স্যামসাং ইলেকট্রনিকসকে চিন্তায় ফেলে দিয়েছে। প্রথমে সফটওয়্যারের প্যাটেন্ট নিয়ে অ্যাপলের সঙ্গে মামলা-মোকদ্দমায় জড়িয়ে পড়া। এরপর গুগলের মটোরোলার মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মোবিলিটি কিনে নেওয়া। এই দুটি ঘটনাই স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের ব্যবসায়িক পথচলাকে কঠিন করে দিয়েছে।এমন একটি পরিস্থিতিতে সিউলে স্যামসাংয়ের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্যামসাং চেয়ারম্যান লি কুন হি। তিনি উদ্ভূত প্রেক্ষাপটে স্যামসাং কর্তাদের সমস্যা এড়ানোর জন্য নতুন উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।এসব ভাবনার মধ্যে রয়েছে, প্রয়োজনে নতুন প্রতিষ্ঠান কেনা ও সফটওয়্যার উদ্ভাবনের ক্ষেত্রে স্বাতন্ত্র্য সৃষ্টি করা।স্যামসাং গ্রুপের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিম সুন তায়েক চেয়ারম্যান লিকে উদ্ধৃত করে রয়টার্সকে বলেন, ‘চেয়ারম্যান প্রত্যেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কিছু ভেবে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি প্রয়োজনে কোনো প্রতিষ্ঠান কিনে নেওয়ারও সুযোগ খুঁজে বের করা থেকে শুরু করে সফটওয়্যারের ক্ষেত্রে নতুন কিছু সৃষ্টির আহ্বান জানিয়েছেন। তিনি এমন কিছু করতে বলেছেন, যার মাধ্যমে প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে স্যামসাংয়ের স্বাতন্ত্র্য বজায় থাকে।এই মুহূর্তে স্যামসাং ট্যাবলেট পিসি ও অ্যাপল স্মার্টফোনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা দিয়েছে। অ্যাপলও স্যামসাংয়ের এই হুমকি বেশ বলিষ্ঠতার সঙ্গে মোকাবিলা করছে। অ্যাপল বর্তমানে বিশ্বের ১ নম্বর স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলেও স্যামসাং অ্যাপলের এই অবস্থানকে বেশ চমৎকারভাবেই চ্যালেঞ্জ জানিয়েছে। অ্যান্ড্রয়েড ফোনের বাজারে এখন স্যামসাংই সর্বেসর্বা।