ছড়িতে, ঘড়িতে, চশমায় নতুন প্রযুক্তি
নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোতেও লাগছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ছড়িতে, ঘড়িতে, চশমায় লাগছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। অ্যাপল, গুগল, স্যামসাং, ফুজিত্সু এর চার প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরি করছে ছড়ি, ঘড়ি আর চশমার নতুন প্রযুক্তি।প্রযুক্তি ছড়িতেবয়স্কদের হাঁটার সঙ্গী ছড়িতেও যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি। জাপানের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফুজিত্সু বয়স্কদের উপযোগী স্মার্ট প্রযুক্তি ছড়ি তৈরি করেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ছড়ির সঙ্গে স্যাট-ন্যাভ বা স্যাটেলাইট নেভিগেশন প্রযুক্তি যুক্ত করছে ফুজিত্সু। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ফেব্রুয়ারি মাসে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ প্রযুক্তি ছড়ি প্রদর্শন করেছিলেন।ফুজিত্সুর কর্তৃপক্ষের ভাষ্য, প্রযুক্তিসমৃদ্ধ হাঁটার সঙ্গীটি হবে পরবর্তী প্রজন্মের একটি ছড়ি। এতে রয়েছে থ্রিজি, ওয়াই-ফাই, জিপিএস ব্যবহারের সুবিধা। ছড়ির ওপরের অংশে রয়েছে এলইডি ডিসপ্লে। বয়স্কদের চলার পথে ছড়িটি সঙ্গে থাকলে পথ হারানোর আশঙ্কা থাকবে না। ভুল পথে হাঁটলে ছড়িটি ভাইব্রেশন মোডে চলে যাবে, বা কাঁপতে থাকবে এবং সঠিক পথের দিকে চিহ্ন দেখাবে। ছড়িটি হূত্স্পন্দন ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে থাকবে। চলার পথে বিপদে পড়লে এ ছড়িটি ব্যবহার করে ইমেইল করা যাবে বা আগে থেকেই ঠিক করে রাখা ঠিকানায় ই-মেইল পৌঁছে যাবে। ফুজিত্সুর কর্মকর্তারা জানিয়েছে, পরবর্তী প্রজন্মের এ ছড়িটি বয়স্কদের জন্য বিশেষভাবে তৈরি করা হলেও শৌখিন যেকেউ এটা ব্যবহার করতে পারবেন।অবশ্য ঠিক কবে নাগাদ প্রযুক্তিনির্ভর ছড়ি বাজারে আসবে আর দাম কত হবে সে বিষয়ে বিস্তারিত জানায়নি প্রতিষ্ঠানটি।প্রযুক্তি ঘড়িতেবাঁকানো কাচের তৈরি হাতঘড়ি সদৃশ একটি পণ্য তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল। আইওএস অপারেটিং সিস্টেমনির্ভর এ পণ্যটি এখনো নকশা পর্যায়ে রয়েছে। অ্যাপলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ১০ ফেব্রুয়ারি ‘নিউইয়র্ক টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাঁকানো কাচের তৈরি হাতঘড়ি সদৃশ পণ্যটি মোবাইল পেমেন্ট বা অর্থ লেনদেনের কাজেও ব্যবহূত হতে পারে।একই সূত্রের বরাতে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর আলাদা আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের প্রযুক্তিপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ফক্সকনের সঙ্গে পরিধেয় প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল। এদিকে কোরিয়ার একটি প্রযুক্তি বিষয়ক ব্লগ থেকে সম্প্রতি ফাঁস হয়েছে, স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে এবারে যুক্ত হচ্ছে স্মার্টওয়াচ নামের একটি নতুন পণ্য। জানা গেছে, স্মার্টওয়াচের নাম ‘গ্যালাক্সি আলটিয়াস’ রাখতে পারে স্যামসাং কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ১৪ মার্চ নিউ ইয়র্কের একটি অনুষ্ঠানে গ্যালাক্সি স্মার্টফোন সিরিজে নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ফোর বাজারে আনবে স্যামসাং। নতুন এ স্মার্টফোনটির সঙ্গে সহজেই যোগাযোগ করা যাবে এমন প্রযুক্তির স্মার্ট হাতঘড়ি তৈরিতেও কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে নতুন প্রযুক্তির নিজস্ব ব্র্যান্ডের হাতঘড়ি বাজারে আনতে জি-শক, পেবল, অ্যাপল, সনি, নাইকির মতো এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান কাজ করছে। চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যে বা বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ঘড়ির সাহায্যে যোগাযোগের বিষয়টি দেখানো হয়। অনেকটা চলচ্চিত্রে দেখানো ঘড়ির মতোই কাজ করতে সক্ষম হবে অত্যাধুনিক হাতঘড়িগুলো।চশমায় প্রযুক্তিগুগল গ্লাস নামে একটি প্রযুক্তি চশমা বাজারে আনছে গুগল। টেলিগ্রাফ অনলাইনের একটি প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে ‘টেকনোলজি, এডুকেশন অ্যান্ড ডিজাইন’ বা ‘টেড ২০১৩’ সম্মেলনে গুগল গ্লাসের তথ্য উপস্থাপন করেন সের্গেই ব্রিন। চশমায় প্রযুক্তি যুক্ত হওয়াতে স্মার্টফোন ‘অসামাজিক’—এমন মন্তব্য করেছেন গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। তাঁর মতে, পরিধেয় প্রযুক্তিপণ্যের এ যুগে স্মার্টফোন সামাজিকতা হারিয়েছে। মানুষের দিকে না তাকিয়ে, তাদের সঙ্গে কথা না বলে স্মার্টফোন ঘাঁটাঘাঁটি করাটা ‘অসামাজিক’। সের্গেই ব্রিন জানান, মানুষকে ‘স্মার্ট’ করে তুলতে গুগল আনছে স্মার্ট গ্লাস বা প্রযুক্তি চশমা। গুগলের এ প্রযুক্তি চশমার সঙ্গে রয়েছে একটি ছোট ব্যাটারি, যার শক্তিতে চলে চশমার সঙ্গে যুক্ত ক্ষুদ্র একটি কম্পিউটার। চশমার সাহায্যে ছবি তোলা, ভিডিওচিত্র ধারণ, অডিও ধারণ করার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। ইন্টারনেট ব্রাউজ করা ও মানুষের সঙ্গে যোগাযোগ করা যাবে এ চশমার সাহায্যে। সম্প্রতি এ চশমার কার্যকারিতা পরীক্ষা করতে চশমা পরা সাধারণ যাত্রীর বেশে রেল ভ্রমণ করেছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। ব্রিন আশা করছেন, মানুষকে আরও ডিজিটাল ও স্মার্ট করতে, মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে আর সামাজিক করতে আসছে গুগল গ্লাস।ধারণা করা হচ্ছে, চলতি বছরেই বাজারে আসবে গুগলের স্মার্ট গ্লাস। এ চশমার দাম হতে পারে এক হাজার ৫০০ ডলার থেকে তিন হাজার ডলারের মধ্যে।