
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হয় ‘বিসিবি সেলিব্রেশন কনসার্ট’। কনসার্টের প্রধান আকর্ষণ উপমহাদেশের বরেণ্য সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী এ আর রাহমান। তবে এ আর রাহমানকে ছাড়াও মিঠুন চক্রবর্ত্তীর আগ্রহ ছিল অন্য আরেকজনকে ঘিরে। তিনি আনন্দন শিবামণি, ভারতের প্রখ্যাত পারকাশনিস্ট (বাদ্যযন্ত্রশিল্পী), মিঠুনের স্বপ্নের গুরু। কনসার্টের আগের দিন মহড়া চলছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানেই শিবামণির সঙ্গে সামনাসামনি দেখা মিঠুনের। বলে রাখা ভালো, এ আর রাহমানের অগ্রবর্তী দল আগেই যোগাযোগ করেছিল মিঠুনের সঙ্গে। মহড়ার দিন মিঠুনের কাজ সম্পর্কে খোঁজখবর নিলেন শিবামণি। তারপর এ আর রাহমানের সঙ্গে কী যেন আলাপ করে আবার ফিরে এলেন। এসে মিঠুনকে বলেন, ‘দেখি, তুমি কেমন বাজাও।’ মিঠুনের সামনে দাঁড়িয়ে তখন এ আর রাহমান স্বয়ং। মিঠুন তখনো বুঝতে পারেননি, তাঁর পরীক্ষা নেওয়া হচ্ছে। তবলা আর পাখোয়াজ বাজালেন মিঠুন।
গান শেষ হওয়ার পর এ আর রাহমানের মুখে মৃদু হাসি। তিনি বললেন, ‘ইটস গ্রেট’। একজন তরুণের জীবনের বাঁকবদলের জন্য এর চেয়ে বেশি আর কী লাগে।
মিঠুন চট্টগ্রামের ছেলে। আদতে সংগীত মিশে আছে তাঁর রক্তে। মা কল্যাণী ঘোষ কণ্ঠশিল্পী। বাবা অভিজিৎ চক্রবর্ত্তী, তবলাবাদক। মাত্র তিন বছর বয়সে পণ্ডিত বিজন চৌধুরীর কাছে তবলায় হাতেখড়ি হয় মিঠুনের। ভারতের কলকাতায় খিদিরপুরে সেন্ট টমাস বয়েজ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন তিনি। পণ্ডিত সজল কর্মকারের কাছে তবলা শেখার সুযোগ পান। টেলিগ্রাফের উদ্যোগে কলকাতায় আয়োজিত আন্তস্কুল সংগীত প্রতিযোগিতায় অংশ নেন মিঠুন। সেখানে বেস্ট ড্রামার পুরস্কার পান।
মিঠুন বলছিলেন, ‘সেটাই আমার প্রথম পুরস্কার। ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে তবলা বাজাই, তাই য়ই আমাকে বন্ধুদের বিদ্রূপের
শিকার হতে হতো। একসময় জেদ করেই আমি ড্রামস শেখা শুরু করি।’
দশম শ্রেণীতে পড়ার সময় মিঠুন চট্টগ্রামে ফিরে আসেন। বেনসন অ্যান্ড হেজেস আয়োজিত এক প্রতিযোগিতায় মিঠুনের বাজনা শুনে মুগ্ধ হন আইয়ুব বাচ্চু। মিঠুন বললেন, ‘বাচ্চু ভাই আমাকে ঢাকায় নিয়ে আসেন। তবে আমি সোলস আর মাইলসের সঙ্গেও বাজিয়েছি।’
বাবা-মায়ের স্বপ্ন ছিল ছেলেকে আইনজ্ঞ বানানোর। উচ্চতর পড়াশোনার জন্য ছেলেকে পাঠালেন লন্ডনে। কিন্তু আইন বিষয়ে তেমন কোনো আগ্রহ নেই মিঠুনের। আইন পড়া বাদ দিয়ে তিনি গিয়ে ভর্তি হলেন টেক মিউজিক্যাল কলেজে। সেখানে পাশ্চাত্যের প্রখ্যাত কয়েকজন বাদ্যযন্ত্রশিল্পীর সান্নিধ্য পান তিনি। লন্ডনে মিঠুন যোগ দেন লাতিন জ্যাজ ব্যান্ড মোটিম্বাতে। বাংলাদেশের লক্ষ্মীটেরা নামে সবাই চেনে এই ব্যান্ডকে। লন্ডনে রয়েল একাডেমি অব মিউজিকের অর্কেস্ট্রাতেও বাজানোর সুযোগ পান মিঠুন। বছর তিনেক আগে ফিরে আসেন দেশে।
দেশীয় বাদ্যযন্ত্রে পাশাপাশি পাশ্চাত্যের কঙ্গো, আফ্রিকান ও লাতিন ড্রামস বাজান মিঠুন। বাদ্যযন্ত্রের পরিবেশনা নিয়ে অ্যালবাম করার পরিকল্পনা করছেন। শুধু বাদ্যযন্ত্র দিয়ে এ দেশের দর্শককে নতুন কিছু উপহার দিতে চান তিনি। যেখানে থাকবে ছন্দ আর শব্দের খেলা।