
কনসার্টে কেউ চাইলেই স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি যেন তুলতে না পারে, তেমন এক প্রযুক্তি তৈরি করছে অ্যাপল ইনকরপোরেটেড। এরই মধ্যে পেটেন্ট সত্ত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। পেটেন্টে উল্লেখ করা হয়, উন্মুক্ত স্থানে একটি যন্ত্র থেকে ইনফ্রা-রেড সংকেত স্মার্টফোনে পাঠানো হবে। সংকেত পেয়ে স্মার্টফোনে পর্দায় নির্দিষ্ট তথ্য দেখাবে কিংবা সরাসরি ক্যামেরা বন্ধ করে দেবে। তবে তথ্যপ্রযুক্তি সাংবাদিক স্টুয়ার্ট মাইলসসের মতে, এই প্রযুক্তি গ্রাহকদের হতাশ করবে। তিনি বলেন, ‘কিছু লোক হয়তো অ্যাপলের এই প্রযুক্তি ভালোভাবে নেবেন না। মানুষ বাক্স্বাধীনতা চায়। আমি কোনো কিছু ধারণ করতে পারব কি পারব না, তা বলার অ্যাপল কে? তবে অ্যাপল সব সময় নতুন কিছু পেটেন্ট করে। অনেক বড় প্রতিষ্ঠানই এমনটা করে। এটা হয়তো একটা কাজের জন্য তৈরি হলো। কিন্তু ব্যবহার করা হলো সম্পূর্ণ ভিন্ন কোনো কাজের জন্য।’
পেটেন্টের আবেদন ২০১১ সালে করা হয়, যেখানে কোন কোন ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব তার বেশ কিছু বর্ণনা দেওয়া আছে ।

এতে জাদুঘরের উদাহরণ দেওয়া হয়েছে। প্রদর্শনীর স্থানের পাশে এমিটার রেখে দিলেই কেউ ছবি তুলতে পারবে না। এ ক্ষেত্রে ছবি না তোলার জন্য কোনো বিজ্ঞপ্তি যেমন দিতে হবে না, তেমনি কেউ ছবি তুলতে চাইলে তাকে বারণও করতে হবে না। তবে বিকল্প পথে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে এমন প্রযুক্তি আগে থেকেই আছে।
তবে কম খরচের ইনফ্রা-রেড লাইট ফিল্টার ব্যবহার করে, কিংবা স্মার্টফোনের সফটওয়্যার পাল্টে অ্যাপলের এই প্রযুক্তি নিষ্ক্রিয় করা সম্ভব। যেসব স্মার্টফোন প্রস্তুতকারক অ্যাপলের এই প্রযুক্তি ব্যবহার করবে না, তাদের ক্যামেরা ব্যবহার করে অবশ্য ছবি তোলা সম্ভব।
কনসার্টের মিউজিক ভিডিও কিংবা স্টেডিয়ামে ফুটবল খেলার ভিডিও চিত্র ধারণ করা ঠিক নৈতিক না। কারণ, এর পেছনে
অনেক স্পন্সর জড়িত আছে। তবু ক্যামেরা সচল করে যখন কেউ দেখবে যে ভিডিও কিংবা স্থিরচিত্র ধারণ করা সম্ভব হচ্ছে না, তখন মানুষের মনে ক্ষোভের জন্ম হতেই পারে।
মেহেদী হাসান, সূত্র: বিবিসি