ছবি থেকে অনুবাদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি গুগল ট্রান্সলেটর অ্যান্ড্রয়েড অ্যাপের একটি নতুন সংস্করণ প্রকাশ করা হয়েছে। নতুন এই সংস্করণের বিশেষ বৈশিষ্ট্য হলো, ছবিতে থাকা কোনো লেখা অ্যাপের মাধ্যমে অনুবাদ করা যাবে। নতুন সংস্করণের অ্যাপটি থেকে ছবি তোলা একটি অপশন রাখা হয়েছে। ক্যামেরা দিয়ে তোলা ছবি অথবা আগে থেকে সংরক্ষণ করা কোনো ছবি এই ট্রান্সলেশন অ্যাপের মাধ্যমে অনুবাদ করা যাবে। গুগল ডক থেকে বেশ অনেক দিন আগে থেকেই ছবি থেকে লেখায় স্থানান্তর করার সুযোগটি রয়েছে। ট্রান্সলেশনের নতুন অ্যাপে এই বৈশিষ্ট্যটি আরও বর্ধিত আকারে ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। গুগল ট্রান্সলেটরে যে সব ভাষা থেকে অনুবাদ করা যায় তার সবগুলো এখনই এখানে পাওয়া যাচ্ছে না। বর্তমানে অন্তর্ভুক্ত করা ভাষাগুলোর মধ্যে রয়েছে ডাচ, জার্মান, তুর্কি, রাশিয়ান, পর্তুগিজ, পোলিশ, ইতালিয়ান, স্প্যানিশ, ফ্রেঞ্চ ইত্যাদি। অ্যান্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড বা এর পরবর্তী কোনো সংস্করণ ইনস্টল করা রয়েছে এমন সব ফোন বা ট্যাব থেকেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে। আর অনুবাদ করার কাজটি যেহেতু গুগলের মূল ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করতে হবে, তাই এটি ব্যবহার করার সময় ইন্টারনেট সংযোগ সক্রিয় হবে।এর পাশাপাশি নতুন সংস্করণে স্পিচ ইনপুটের পদ্ধতিটি উন্নত করা হয়েছে, ফলে আঞ্চলিক পদ্ধতিতে উচ্চারণ করা হলেও মূল শব্দগুলো সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হচ্ছে। হাতে লিখে ইনপুটের ক্ষেত্রেও জাপানি ভাষার মান উন্নয়ন করা হয়েছে। —টেক ক্রাঞ্চ