ছবি, ভিডিওর বিবরণ দেবে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোটা পৃথিবীর ২০ শতাংশের বেশি মানুষ দিনে একবার হলেও ঢুঁ মেরে আসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সম্প্রতি এ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজেদেরই একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, একটি প্রশ্নের মাধ্যমে। প্রশ্নটি হলো, প্রযুক্তিকে কীভাবে মানুষের মতো করা যায়।

এ সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের কোটি কোটি ব্যবহারকারীর আবেগকে প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতে প্রযুক্তিকে আরও উন্নত করার কাজ করছে। ফেসবুকের মূল পাতায় চোখ বোলালেই ছবি, ভিডিও কিংবা স্ট্যাটাসের দেখা মেলে। মূল পাতা ব্যবহারের অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নত ব্যবহার শুরু করেছে ফেসবুক। ফলে একজন দৃষ্টি প্রতিবন্ধীও ফেসবুক ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে। কেননা এর মূল পাতাজুড়ে দেওয়া ছবির বৃত্তান্ত বলতেও ফেসবুককে শেখানো হচ্ছে।

ফেসবুকের কার্যকলাপের এ উন্নত সংস্করণের জন্য এর অ্যালগরিদমে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। অ্যালগরিদমটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করায় ফেসবুক আরও সহজেই ব্যবহারকারীর আচরণবিধি বুঝতে সক্ষম হবে। অনুবাদ থেকে শুরু করে মানুষের কথা, এমনকি রোগব্যাধিও শনাক্ত করতে সক্ষম হবে ফেসবুক। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার বেশ কিছু ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। এক বিবৃতে এমনটাই জানিয়েছেন ফেসবুকের এআই প্রকল্পের প্রকৌশলী ড্যারো গার্সিয়া। তিনি বলেন, ফেসবুকের এআই প্রযুক্তি চালকহীন গাড়ির মতো নয় যে একটু ভুল হলে কেউ মারা যেতে পারে। তবে খানিকটা ভুল ফেসবুকের ব্যবহারকারীকে বেশ তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন করতে পারে। সেই ভুল শোধরানো তো পরে, ভুলটা কী সেটা বের করতেই ক্ষতির পরিমাণ অনেক বেড়েও যেতে পারে। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমিয়ে আনতেই ফেসবুকের অ্যালগরিদম ও এআই প্রযুক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ড্যারো গার্সিয়া জানান, তিনি ও তাঁর দল প্রায় দেড় লাখ ছবি একত্রে করে প্রতিটির একটা বিবরণ দিয়েছেন। এআই প্রযুক্তিকে নির্দেশনা দেওয়া হয় ওই ছবিগুলো থেকে বিভিন্ন ধরনের ছবি সংগ্রহ করতে। এভাবেই প্রশিক্ষণ চলছে ফেসবুকের এ নতুন সংস্করণের। সেই সঙ্গে মেশিন লার্নিং পদ্ধতির প্রয়োগ তো রয়েছেই। ফলে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি এতে আপলোড করা ছবি বা স্ট্যাটাসের ভাবার্থ বুঝতে শিখছে ধীরে ধীরে। ২০১৬ সালে এ প্রযুক্তি চালু করার পর ফেসবুক শুধু মানুষ কিংবা বস্তুর মধ্যে তফাত বুঝতে সক্ষম ছিল। তবে এই প্রযুক্তি এখন কোনো ছবি বা ভিডিওর ১২ ধরনের ক্রিয়া শনাক্ত করতে পারে। ফেসবুক মূলত এমন একটি মাধ্যম হতে চলেছে, যেখানে যে কেউই সহজে যোগাযোগ করতে পারবে। আর ফেসবুকের এ উদ্যোগ সফল হলে জনপ্রিয় এ মাধ্যমটি সবার জন্যই বোধগম্য ও সহজলভ্য হবে। কোনো মানুষের সঙ্গে আবেগ-অনুভূতি কিংবা স্মৃতিচারণা করার মতোই অনুভব হবে ফেসবুক ব্যবহারেও।

শাওন খান, সূত্র: সিএনএন