ছবির জনপ্রিয় প্রতিযোগিতা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার সবচেয়ে বড় প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম) ২০১২-এর ফলাফল প্রকাশিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ফলাফলে (http://goo.gl/h7LU2) সেরা ছবি নির্বাচিত হয়েছে প্রণব সিংয়ের তোলা ভারতের নয়াদিল্লিতে অবস্থিত সফদার জংয়ের সমাধির ছবি (http://goo.gl/zHKHm)। এ ছাড়া, এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে ডেভিড কোরাল গাদেয়ার তোলা স্পেনের অ্যাকিডুকেটো দি সেগোভিয়া স্থাপত্যের ছবি (http://goo.gl/EXmnY), তৃতীয় হয়েছে ক্যাপ্টেনসিডের তোলা ফিলিপাইনের একটি ছবি (http://goo.gl/TMNd7)। সব মিলিয়ে ১৫টি সেরা ছবি (http://goo.gl/LYr3Q) নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে ১৩টি ছবি দিয়ে তৈরি হবে বিশেষ উইকি লাভস মনুমেন্টস বর্ষপঞ্জী ২০১৩।চলতি বছর ৩৩টি দেশের উইমিডিয়া চ্যাপ্টারের উদ্যোগে ডব্লিউএলএম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২০১০ সালে নেদারল্যান্ডসে এ প্রতিযোগিতা শুরু হয়, যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী হয়ে আসছে। চলতি বছর কানাডা, চিলি, ঘানা, ভারত, পানামা, ফিলিপাইন, রাশিয়া, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।মূলত নির্দিষ্ট দেশের ঐতিহ্য ও সংস্কৃতি বহন করে এমন স্থাপত্য কিংবা স্থানের ছবি তোলার এ প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে উইকিপিডিয়া ব্যবহারে উদ্বুদ্ধ করা, দেশের বিভিন্ন স্থাপত্যের ছবি মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্সে (https://commons.wikimedia.org) যোগ করা। ডব্লিউএলএম ২০১২-এ চলতি বছরের ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ছবি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রতিযোগীরা। এর মধ্যে ১৫ হাজার ছবি আপলোড হয়। এর মধ্যে বিচারকদের রায়ে সেরা ছবি নির্বাচিত করা হয়। বিজয়ী প্রণব সিং আগামী বছর হংকংয়ে অনুষ্ঠেয় উইকিপিডিয়ার বার্ষিক আয়োজন উইকিম্যানিয়াতে অংশ নিতে পারবেন। বাংলাদেশে ডব্লিউএলএম আয়োজন প্রসঙ্গে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নাসির খান বলেন, ‘উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের পক্ষ থেকে এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপত্যের পূর্ণাঙ্গ তালিকা না থাকায় তা হয়নি। তবে, ২০১৩ সালে এ প্রতিযোগিতা আয়োজন করা হবে।’ ইতিমধ্যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নামের একটি প্রকল্প চালু হয়েছে (http://bn.wikipedia.org/wiki/ WP:BDMONUMENTS)। বাংলা উইকিপিডিয়াতে (http://bn.wikipedia.org) নিবন্ধন করে যে কেউই এই তালিকা সমৃদ্ধ করতে পারবেন বলে জানান তিনি। ডব্ল্লিউএলএমের নানা তথ্য জানা যাবে https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2012 ঠিকানায়। —নুরুন্নবী চৌধুরী