ছবির মাধ্যমে সাধারণ ধারণা শিখবে কম্পিউটার
কম্পিউটার ব্যবহারের মাধ্যমে অনেক ছবিই আদান-প্রদান বা ব্যবহার করা হয়ে থাকে। গবেষকেরা এবার একটি কম্পিউটার প্রোগ্রামকে সারা দিনের পাওয়া বিভিন্ন ছবি বিশ্লেষণের মাধ্যমে কমন সেন্স বা সাধারণ ধারণা শেখানোর চেষ্টা করছেন।
গবেষণার উদ্দেশ্য হলো, ছবিগুলো কীভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত বা সম্পর্কিত হয়, তা যেন কম্পিউটার ভেবে দেখতে পারে। তা ছাড়া ছবিগুলোর আকৃতি এবং রং চিনতে পারে, ছবির মাধ্যমে ভিজ্যুয়াল বা চাক্ষুষ পৃথিবীটাকে আরও ভালোভাবে বুঝতে পারে। কার্নেগি মেলন ইউনিভার্সিটির গবেষকেরা এ ব্যাপারে কাজ করছেন।
প্রোগ্রামটির নাম দেওয়া হয়েছে ‘নেভার এনডিং ইমেজ লার্নার—নেইল’। গবেষণায় আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ডিফেন্স অফিসের নেভাল রিসার্চ এবং গুগল।
গত জুলাই মাস থেকে এ পর্যন্ত নেইল প্রোগ্রামটি মোট তিন মিলিয়ন ছবি দেখেছে। এর ফলাফল হচ্ছে, প্রোগ্রামটি পাঁচ লাখের মধ্যে এক হাজার ৫০০টি ছবিকে চিনতে পেরেছে। তা ছাড়া এক হাজার ২০০টি দৃশ্য চিহ্নিত করে হাজার হাজার ছবির মধ্যে দুই হাজার ৫০০টি ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছে। গবেষকেরা আশা করছেন, নেইল প্রোগ্রামটি কোনো রকম শেখানো ছাড়াই বিভিন্ন পর্যায়ে একটি সম্পর্ক তৈরি করতে পারবে।
কার্নেগি মেলন ইউনিভার্সিটির রোবোটিক্স ইনস্টিটিউটের গবেষক অধ্যাপক অভিনব গুপ্ত বলেন, ‘চাক্ষুষ স্বাভাবিক গুণাবলি শিখতে ছবিই হচ্ছে উত্তম পন্থা। পৃথিবী সম্পর্কে সাধারণ ধারণাও এ থেকে পাওয়া যাবে। মানুষ এগুলো নিজে নিজেই নেইল প্রোগ্রামের সাহায্য নিয়ে শিখতে পারবে। আমরা আশা করি, কম্পিউটার বেশ ভালোভাবেই এ ব্যাপারে কাজ করবে।’
তবে গবেষক দলের অনেকেই বলেছেন, নেইল প্রোগ্রামটি কোনো কোনো ক্ষেত্রে সঠিক তথ্য না-ও দিতে পারে। দেখা গেছে, কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামটি ভুলও করেছে।
—বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা