ছয় নম্বর সেলফি যায় ফেসবুকে

আপনার বান্ধবী তাঁর কত নম্বর সেলফিটি ফেসবুকে পোস্ট দেবেন তা এখনো বুঝে উঠতে পারেননি?
ব্যাপার না; এ নিয়ে আপনাকে আর মাথা ঘামাতে হবে না।
সাম্প্রতিক এক জরিপের ফল বলছে, অধিকাংশ তরুণী ফেসবুকে তাঁর সেলফি পোস্ট করার আগে অন্তত পাঁচবার ডিলিট বাটন চাপেন।
ওই জরিপের বরাত দিয়ে বার্তা সংস্থা আইএএনএস জানায়, ফেসবুকে পোস্ট করার জন্য সেরা সেলফি বাছাইয়ে ছয় নম্বরে গিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন অধিকাংশ তরুণী। অর্থাৎ, ফেসবুকে পোস্ট করার সময় তরুণীরা গড়পড়তা তাঁদের ছয় নম্বর সেলফিটি বাছাই করেন। এ ক্ষেত্রে পুরুষ চেষ্টা করেন অন্তত চারবার।
সেলফি নিয়ে এই জরিপটি করেছে লন্ডনভিত্তিক অনলাইন মার্কেটিং গবেষণা কোম্পানি ওয়ানপোল।
দুই হাজার নারী, দুই হাজার পুরুষ ও আট থেকে ১৭ বছর বয়সী এক হাজার শিশুর মধ্যে জরিপটি চালানো হয়। এতে দেখা যায়, সঠিক সেলফি বাছাই করতে গিয়ে ৬৪ শতাংশ নারী উদ্বিগ্ন হয়ে পড়েন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সেলফি পোস্ট করার পর ৪১ শতাংশ নারী ও ২৬ শতাংশ পুরুষ নিজের সম্পর্কে খারাপ ভাবতে শুরু করেন।
শিশুদের ক্ষেত্রে ৭৯ শতাংশই তাদের সেলফি নিয়ে খুশি।
এ ছাড়া ১৫ শতাংশ নারী ও ১৯ শতাংশ পুরুষ তাঁদের সন্তানের ছবি সামাজিক যোগাযোগের সাইটে আপলোড করার আগে তা ক্রপ বা কাটছাঁট করেন।