ছয় মেধাবীর স্বপ্নপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর বাংলাদেশ থেকে ফুলব্রাইট বৃত্তি পাওয়া ছয় জন: সামশাদ নওরীন, ইশরাত জাহান, ক্ষণিকা গোপ, মুগ্ধ মীম মাহযাব, সাইমুম পারভেজ ও সাইদুর রহমান
এ বছর বাংলাদেশ থেকে ফুলব্রাইট বৃত্তি পাওয়া ছয় জন: সামশাদ নওরীন, ইশরাত জাহান, ক্ষণিকা গোপ, মুগ্ধ মীম মাহযাব, সাইমুম পারভেজ ও সাইদুর রহমান

বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের অনেকেরই স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার। আর তা যদি হয় ফুলব্রাইট বৃত্তি নিয়ে, তাহলে তো কথাই নেই। পুরো বিশ্বে নামকরা বৃত্তির অন্যতম এই ফুলব্রাইট বৃত্তি। ১৫৫টি দেশে চলমান এ বৃত্তি যে কত সম্মানজনক, তা বোঝা যাবে একটি পরিসংখ্যানের মাধ্যমে। এ পর্যন্ত যাঁরা এ বৃত্তি পেয়েছেন, তাঁদের মধ্যে ৪৩ জন পেয়েছেন নোবেল পুরস্কার আর ৭৮ জন পেয়েছেন পুলিৎজার পুরস্কার। ফুলব্রাইট বৃত্তিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের ফি থেকে শুরু করে শিক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতসহ যাবতীয় খরচ প্রদান করা হয়। এ বছর বাংলাদেশ থেকে ছয়জন তরুণ শিক্ষক ও গবেষক ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন। আজ আমরা শুনব এই ছয় তরুণের স্বপ্নপূরণের গল্প। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সামশাদ নওরীন কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের টুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। ফুলব্রাইট বৃত্তি নিয়ে নওরীন এ মাসেই পৌঁছে গেছেন স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কে, আগামী দুই বছর পড়বেন পরিবেশবিজ্ঞান বিষয়ে। নওরীন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন জাতিসংঘের মহাসচিব হওয়ার। সে স্বপ্ন পূরণ হবে কি না, তা ভবিষ্যৎই বলে দিতে পারে। তবে তিনি আপাতত অবস্থান করবেন নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের বেশ কাছাকাছি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক ক্ষণিকা গোপ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এমোরি ইউনিভার্সিটির গোয়জোয়েতা বিজনেস স্কুলে এমবিএ করার জন্য। বুয়েট থেকে তড়িৎ প্রকৌশলে বিএসসি করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ শেষ করে সেখানেই যোগদান করেন তিনি। ক্ষণিকা মনে করেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত নীতিমালা পরিবর্তন ও পরিমার্জনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।

বুয়েটের শিক্ষার্থী ইশরাত জাহান দুর্যোগবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা অর্জনে ইউনিভার্সিটি অব ডেলাওয়ারে ভর্তি হয়েছেন। বুয়েট থেকে নগর ও অঞ্চল পরিকল্পনার বিষয়ে মাস্টার্স করার পর ইশরাত শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ইশরাতের স্বপ্ন, তিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে কাজ করবেন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় এসব মানুষের পাশে দাঁড়াবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ পাহাড়ি ক্যাম্পাস থেকে সাইমুম পারভেজ পাড়ি জমাচ্ছেন ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের রাজধানী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইলিয়ট স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে দুই বছরের মাস্টার্স ডিগ্রি নিতে যাচ্ছেন তিনি। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাইমুম বিশ্ব রাজনীতি ও পাবলিক ডিপ্লোম্যাসি নিয়ে উচ্চতর গবেষণায় আগ্রহী।

শুধু এই চার তরুণ শিক্ষকই নন, এ বছর ফুলব্রাইট বৃত্তি পেয়েছেন দুজন গবেষকও। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বা বিআইডিএসের তরুণ গবেষক মুগ্ধ মীম মাহযাব যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক মুগ্ধ স্বপ্ন দেখেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে এক পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্থা বিডিআইয়ের গবেষক সাইদুর রহমান। সাইদুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সাইদুর যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাফেয়ার্সে মাস্টার্স ডিগ্রি অর্জনের জন্য। সাইদুরের স্বপ্ন, বাংলাদেশ একদিন শিক্ষা ও গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেবে।

এ ছয়জন তরুণ যেন ছয়টি স্বপ্নকে লালন করার সুযোগ পেয়েছেন। ব্যক্তিগত উন্নতির চেয়েও বড় কথা, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশের তরুণ মেধাবীদের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। তাঁরা যুক্তরাষ্ট্রে শিক্ষা গ্রহণের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে এসে নিজ নিজ ক্ষেত্রে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান। এই আকাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নিলে, তাঁদের মতো সব মেধাবীর চেষ্টায় বাংলাদেশ আরও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।