ছাত্র আন্তোনভ ও একটি বিজ্ঞাপন
আকাকি ব্রোইলের
স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছে ছাত্র সের্গেই আন্তোনভ, অপেক্ষা করছে মস্কোগামী ইলেকট্রিক ট্রেনের জন্য। বসে বসে দোমড়ানো-মোচড়ানো একটি পত্রিকা পড়ছে গভীর উৎসাহ নিয়ে।
হঠাৎ মস্কো থেকে আসা ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো মস্কোগামী ইলেকট্রিক ট্রেনের। ট্রেনের বগিগুলোর উত্তপ্ত ও ভাঙা কিছু টুকরা উড়ে গিয়ে পড়ল আন্তোনভের অদূরে। উৎকট দুর্গন্ধযুক্ত ধোঁয়া ভেসে রইল বাতাসে।
‘ভালোই ট্রেনভ্রমণ হলো! পাঁচ শ লাশ!’ একটি লাশ ভাবল।
ছাত্র আন্তোনভ পত্রিকা পড়েই চলল চোখ না তুলে।
অকস্মাৎ দুই শ যাত্রীসহ বিমান নিয়ে আদ্দিস-আবাবা-মস্কো-আদ্দিস ফ্লাইটের পাইলট গুলিয়ে ফেললেন আকাশ ও মাটির পার্থক্য। বিমানটি গোত্তা খেয়ে পড়ল ছাত্র আন্তোনভের পায়ের প্রায় কাছে। বিস্ফোরণ হলো বিকট শব্দে। সেই শব্দে সবার কান ফেটে যাওয়ার অবস্থা।
ছাত্র আন্তোনভ পত্রিকার পাতা ওল্টাল।
সেই সময় শহরজুড়ে শুরু হলো ভয়াবহ বন্যা। ছাত্র আন্তোনভের পাশ দিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যেতে থাকল বেঞ্চ, গাছপালা, ভীত স্বরে ডাকতে থাকা কুকুরছানা।
ছাত্র আন্তোনভ বেঞ্চের পিঠের ওপরে উঠে বসে চালিয়ে গেল পত্রিকাপাঠ।
প্রাগুক্ত বিপর্যয়গুলো সম্পর্কে বিশদ রিপোর্ট লেখার পর ছাত্র আন্তোনভের কাছে এগিয়ে এলেন ওয়াশিংটন পোস্ট-এর সাংবাদিক, যে পত্রিকা বরাবরই আমাদের দেশের দুর্ঘটনাগুলোর কথা জানতে পারে সবার আগে। ‘ভয়াল এসব দুর্যোগের প্রত্যক্ষদর্শী আপনি,’ বললেন সাংবাদিক, ‘নিজের চোখে আপনি যা কিছু দেখেছেন, তা কি বলবেন আমাদের পাঠকদের উদ্দেশে?’
‘কী! কী বললেন? কোন দুর্যোগ?’ ভারি অবাক হলো ছাত্র আন্তোনভ। ‘আমি তো কিছুই দেখিনি! পুরো এই সময়টা আমি পড়ছিলাম “রাজধানীর রগড়বাজ” পত্রিকা।’