ট্রেনে ছারপোকা থাকবে না বলে সম্প্রতি আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। কিন্তু ট্রেন থেকে কী করে ছারপোকার বংশ উচ্ছেদ করা যাবে? ছারপোকার কামড় খেয়ে বুদ্ধি দিয়েছেন রস+আলোর বিশেষজ্ঞ।

আলাদা ট্রেন
মানুষ ট্রেনে ভ্রমণ করতে পারলে ছারপোকারা পারবে না কেন? তাদেরও তো বিভিন্ন দরকার-অদরকার থাকতে পারে। আলাদা কোনো ট্রেনের ব্যবস্থা না থাকায় বেচারারা বাধ্য হয়ে মনুষ্য-ট্রেনেই ভ্রমণ করছে। এ ক্ষেত্রে তাদের জন্য আলাদা ট্রেনের ব্যবস্থা করলেই ঝামেলা মিটে যাবে।
ভ্যাট আরোপ
ছারপোকা মানুষকে কামড় দিলে সেই কামড়ের ওপর ভ্যাট আরোপ করা যেতে পারে। ভ্যাট দেবে স্বয়ং ছারপোকারাই। এ ক্ষেত্রে রেলমন্ত্রী মহোদয় অর্থ মন্ত্রণালয়ের সাহায্য নিতে পারেন। এই মন্ত্রণালয় ভ্যাট আরোপের ওপর বেশ সিদ্ধহস্ত, এটা সবাই জানে।
শুটার ভাড়া
ইদানীং দেশে উন্নত মানের শুটারের সংখ্যা বেড়েই চলেছে। এই শুটাররা শিশু ও রিকশাওয়ালাদের মতো নিরীহ মানুষদের শরীরে অব্যর্থ নিশানায় বুলেট প্রবেশ করাতে সক্ষম। কিন্তু এত শুটার লইয়া আমরা কী করিব? অলিম্পিক এখনো বেশ দূরে। তাই এ কটা দিন ওই শুটারদের ট্রেনে উঠিয়ে দেওয়া যায়। ট্রেনে উঠলেই তাঁরা বুঝতে পারবেন কোন চিপায়-চুপায় ঘাপটি মেরে থাকে মানবতার শত্রু ছারপোকারা। দেখলেই গুলি।
বেয়ার গ্রিলসকে আমন্ত্রণ
ছারপোকা নিধনের জন্যে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-খ্যাত তারকা বেয়ার গ্রিলসকে আমন্ত্রণ জানানো যেতে পারে। দুনিয়ার হেন কোনো বস্তু নেই যা বেয়ার গ্রিলস চেখে দেখেননি। আর এ তো সামান্য ছারপোকা! বেয়ারকে আমন্ত্রণ জানালে ছারপোকা নিধনের পাশাপাশি আমাদের রেলওয়ের ফ্রি ফ্রি বিজ্ঞাপনও হয়ে যাবে। ডিসকভারি চ্যানেলে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডের’ একটা পর্বই হয়তো হয়ে যাবে বাংলাদেশের রেলভ্রমণ নিয়ে। সেখানে হয়তো ছারপোকা মারতে মারতে বেয়ার ব্যাখ্যা করবেন এক ডজন ছারপোকায় কত ক্যালরি শক্তি থাকে!
সিটবিহীন ট্রেন
ছারপোকা নিয়ে এত ঝামেলার মূল কারণ হলো ট্রেনের সিট। আজ যদি ট্রেনে সিট না থাকত, তাহলে এই ছারপোকাও আর আসত না। তাই সবচেয়ে ভালো হয় ট্রেনের সিটগুলো তুলে দিলে। বাংলাদেশের মানুষ বাসে বাদুড়ঝোলা হয়ে ঝুলতে ঝুলতে চলাফেরা করে। এটা আমাদের কাছে পান্তাভাত। তাই ট্রেনে দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপারই হবে না। হয়ে গেল তো ছারপোকা-সমস্যার সহজ সমাধান!