ছাড়ের সঙ্গে মানের দিকেও খেয়াল রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেলিভিশনে মূল্য ছাড়
টেলিভিশনে মূল্য ছাড়

রাজধানীর বিজয় সরণির সনি-র্যাংগসের বিক্রয়কেন্দ্র থেকে ৩৮ হাজার টাকায় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন কিনেছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানিউল্লাহ চৌধুরী। ঈদ উপলক্ষে তিনি এই টেলিভিশনে ছাড় পেয়েছেন দুই হাজার টাকা। বললেন, ‘এখনই টেলিভিশন কেনার পরিকল্পনা ছিল না। ঈদের বোনাস ও ছাড়ের সুযোগে কিনে ফেললাম।’
সানিউল্লাহর মতো অনেকেই ছাড়ের সুযোগ নিতে টেলিভিশন বিক্রয়কেন্দ্রে ভিড় জমাচ্ছেন। ফুটবল বিশ্বকাপ শেষ হলেও আসন্ন ঈদ সামনে রেখে টেলিভিশনের বেচাকেনা তাই এখন জমজমাট। ক্রেতাদের আকৃষ্ট করতে এবং বিক্রি বাড়াতে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো দিচ্ছে নগদ মূল্যছাড়, নানা রকমের উপহার, এমনকি একটি টেলিভিশনের সঙ্গে আরেকটি বিনা মূল্যে পাওয়ার সুযোগ। কোনো প্রতিষ্ঠান কিস্তিতে মূল্য পরিশোধেরও সুযোগ দিচ্ছে।
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেট, ধানমন্ডি, গুলশান, মিরপুর, বিজয় সরণিসহ সারা দেশের বিভিন্ন টেলিভিশন বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিক্রয়কেন্দ্রে এখন জমে উঠেছে টেলিভিশনের বেচাকেনা। বিশ্বখ্যাত টেলিভিশন ব্র্যান্ড সনি, স্যামসাং, এলজি, শার্প, কংকা, সিঙ্গার থেকে শুরু করে দেশি ব্র্যান্ড ওয়ালটন কেউই পিছিয়ে নেই এই প্রতিযোগিতায়।
বিশ্বে এলইডি (লাইট ইমিটিং ডায়োড) প্রযুক্তির টেলিভিশন বাজারজাতকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্যামসাং সব ব্র্যান্ডের এলইডি টেলিভিশনে ছাড় দিচ্ছে এক হাজার টাকা।
সনি টিভির মডেলভেদে দুই হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন মডেলের এলইডি টেলিভিশনের সঙ্গে ৫০ শতাংশ ছাড়ে সনি এক্সপেরিয়া ব্র্যান্ডের মুঠোফোন কেনার সুযোগ দিচ্ছে সনি।
চীনা ব্র্যান্ড কংকা এলইডি টেলিভিশনের ওপর চার বছরের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে। এ ছাড়া স্ক্র্যাচ কার্ড ঘষে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪২ ইঞ্চি এলইডি টেলিভিশন জিতে নেওয়ার সুযোগ থাকছে।
মাই ওয়ান টেলিভিশন তাদের সব এলইডি টেলিভিশনের ওপর নগদ এক হাজার টাকা ছাড় দিচ্ছে।
নিজস্ব ব্র্যান্ডের বাইরে আরও পাঁচটি ব্র্যান্ডের টেলিভিশন বিক্রি করে থাকে সিঙ্গার। এগুলোর মধ্যে রয়েছে গ্রান্ডিগ, ভিডিওকন, ওনিডা, স্কাইওয়ার্থ, স্যামসাং ব্র্যান্ডের টেলিভিশন। সবগুলো ব্র্যান্ডের ওপর সিঙ্গার দিচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত নগদ অর্থ ছাড়। অন্যদিকে নন-ব্র্যান্ডের টেলিভিশনগুলোর জন্য বিক্রেতারা নগদ অর্থ ছাড়কেই প্রাধান্য দিচ্ছেন।
এবার উচ্চবিত্ত ক্রেতাদের আকর্ষণ করার জন্য স্যামসাং ও এলজি নিয়ে এসেছে ‘কার্ভ’ বা ‘বাঁকানো’ টেলিভিশন।
ক্রেতারাও প্রতিষ্ঠানগুলোর এসব ছাড়ে বেশ খুশি। তবে ক্রেতাদের অনেকেই বিক্রয়-পরবর্তী সেবা নিয়ে সংশয় প্রকাশ করলেন। ব্যবসায়ী রিয়াজ উদ্দিন কারওয়ান বাজারে টেলিভিশন বিক্রয়কেন্দ্রের একটি শোরুমে টেলিভিশন দেখতে দেখতে বললেন, ‘কাস্টমার ধরার জন্য কোম্পানিগুলো এখন অনেক কিছুই বলছে কিন্তু কেনার পরে কোনো সমস্যা হলে তখন তারা আর চিনতে চায় না।’

পরামর্শ

এলইডি টেলিভিশনের রং উজ্জ্বল করার ক্ষমতা যত বেশি হবে সেটি তত ভালো মানের টেলিভিশন। বাংলাদেশে বিদ্যুতের ভোল্টেজের ওঠানামা এলইডি টেলিভিশনের প্যানেল জ্বলে যাওয়ার একটি বড় কারণ। এ ক্ষেত্রে টেলিভিশন কেনার সময় সেটি যেন বজ্রপাত, ভোল্টেজের তারতম্য, আর্দ্রতারোধী হয় সেটা মাথায় রাখতে হবে।
ভালো মানের শব্দ পাওয়ার জন্য টেলিভিশনের স্পিকারও অনেক গুরুত্বপূর্ণ। এ ছাড়া ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট, ইউএসবি পোর্ট, মুঠোফোনের ছবি টেলিভিশন পর্দায় দেখতে পারার মতো বাড়তি সুবিধা থাকলে আরও ভালো হয়। কিছু টাকা বাঁচাতে নন-ব্র্যান্ডের টেলিভিশন কেনা উচিত নয়।

প্রকৌশলী মাসুম সরকার
এলইডি টেলিভিশন বিশেষজ্ঞ।