ছায়াপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

বাড়ির কথা খুব মনে পড়ছে। ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ছোট্ট একটা গ্রাম মালা, যেখানে আমার জন্ম। আর সোনালি কৈশোরের কাটানো তিনটি বছর। এ সময়ে আমি এমনভাবে গ্রামটির সঙ্গে মিশে গেছি যে কিছু থেকে আলাদা হতে গেলে রীতিমতো গায়ে ব্যথা লাগে। মনে হয়, আমি পথের পাঁচালীর অপু আর নিশ্চিন্দিপুর আমার মালা।
এই গ্রামের সঙ্গে আমার এত স্মৃতি, আমি কীভাবে আলাদা হই? বারাশিয়ায় দাপাদাপি করে প্রথম সাঁতার শেখা, দল বেঁধে পুজো দেখা, ঈদ করা, পাবলিক প্লেসে প্রথম গান করা, পুরস্কার পাওয়া, সাবলীলভাবে যেকোনো অনুষ্ঠানে অংশ নিতে শেখা। বড় হতে চাওয়ার স্বপ্নটা তো এখান থেকেই শুরু। আমার ছায়াপথ, ইটিং প্লেস, কাশফুলে সাদা হয়ে থাকা মধুমতীর পাড়, নীল আকাশ, শান্ত ঢেউ তোলা পানি, ছোট ছোট নৌকা। উফ্! আমি পাগল হয়ে যাই। তাই তো বাড়িতে গেলে আমি আত্মা দিয়ে অনুভব করি। চোখ দিয়ে সব গিলতে থাকি তৃষ্ণার্তের মতো। এত ঐশ্বর্য যেখানে আমি সেখানে কীভাবে না গিয়ে পারি!
আমার মনে পড়ে ভাঁটফুলের গন্ধ, পালানে বসে চাচিদের সঙ্গে গল্প, মাঠের মধ্যে ভাইবোনদের নিয়ে ছুুটে বেড়ানো, পুকুরে ঝাঁপাঝাঁপি, বিকেলে প্রিয় বন্ধু মলির সঙ্গে কাশিয়ানী গেলে পুরোনো প্রেমপ্রত্যাশীদের লাজুক আর ভীরু চাহনি, বান্ধবীদের হাত ধরে ঘুরে বেড়ানো, অকারণে হাসাহাসি, বাদাম খাওয়া। মনে পড়ে সেই বৃষ্টির দিন। মুষলধারায় বৃষ্টি নামছে। ধোঁয়া উঠছে। কেউ নেই রাস্তায়, স্কুলফেরত আমি আর মলি রাস্তায় ব্যাগ ফেলে কী উদ্দাম নাচ!
খুব ইচ্ছে করে, মলির সঙ্গে মেঘলা দিনে বাতাসে ওড়না উড়িয়ে ছায়াপথে হাঁটি। কীভাবে কেমন করে যেন আমার জীবনের রঙিন সময়টা চুরি হয়ে গেল। বড় হওয়ার স্বপ্নে বিভোর আমি বুঝতেই পারিনি কী হারিয়েছি। যখন বুঝেছি, তখন অনেক দেরি হয়ে গেছে। সময়ের ট্রেনটা চলে গেছে। যদি একবার ধরা যেত!
তিতলী, মিরপুর, ঢাকা