ছিল ছবি, হলো কার্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনন্দনপত্র ও ১০ হাজার টাকার বই পুরস্কার পেয়ে একেকজন কী খুশি দেখো। ছবি: ইউসুফ সা’দ
অভিনন্দনপত্র ও ১০ হাজার টাকার বই পুরস্কার পেয়ে একেকজন কী খুশি দেখো। ছবি: ইউসুফ সা’দ

হরলিকস-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৫ বছরের খুদে শিল্পীদের এক হাজার আট শর বেশি নকশা জমা পড়ে। এর মধ্য থেকে বিজয়ী হয় ১১ জন। এঁদের প্রত্যেকে পেয়েছে অভিনন্দনপত্র আর ১০ হাজার টাকার বই। তবে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি অপেক্ষা করছে সামনে। নির্বাচিত নকশাগুলো দিয়ে তৈরি হয়েছে ঈদকার্ড। এবারের ঈদে ‘প্রথম আলো ঈদ সংখ্যা’-এর সঙ্গে এই কার্ডগুলো পৌঁছে যাবে পাঠকদের কাছে। গোল্লাছুটের এই বিশেষ আয়োজনে তোমাদের জন্য ছাপা হলো ঈদকার্ডের নির্বাচিত নকশাগুলো। আনিকা ইবনাত তখন গভীর ঘুমে মগ্ন। হঠাৎ মায়ের চিৎকার, ‘এই ওঠো ওঠো! দেখো! পত্রিকায় তোমার নাম ছাপা হয়েছে। ওঠো, আনিকা!’ ঘুমের ঘোরে নিজের নাম ধরে ডাকাডাকি শুনে ক্ষণিকের জন্য আনিকার মনে হয়, বুঝি ক্লাসে শিক্ষক তার নাম ডাকছেন। ঘুমকাতুরে কণ্ঠে ‘উম... প্রেজেন্ট প্লিজ’ বলে সে বালিশটাকে আরও জড়িয়ে ধরে। মা এবার ঝাঁকি দিয়ে মেয়ের ঘুম ভাঙান, ‘আরে ওঠো! দেখো, তুমি পুরস্কার পেয়েছ!’ ধড়মড় করে উঠে বসে আনিকা। চোখ কচলে দেখে পত্রিকায় নিজের নাম। বিশ্বাসই হতে চায় না!

২২ জুলাই প্রথম আলো কার্যালয়ে বসে ঘটনা মনে করে হাসছিল আনিকা। কোলের ওপর পুরস্কার হিসেবে পাওয়া বইয়ের স্তূপ, তবু তখনো তার চোখে-মুখে অবিশ্বাসের ছাপ। মাহিয়া ছাড়া আরও ১০ খুদে শিল্পী সেদিন হাজির হয়েছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। কত কী অনুভূতির খেলাধুলা তাদের চোখে-মুখে! তাদের আঁকা ছবি দিয়ে সুন্দর কার্ড তৈরি হয়েছে, পুরস্কার হিসেবে হাতে পেয়েছে অভিনন্দনপত্র আর ১০ হাজার টাকা সমমূল্যের বই! আশপাশে বড় মানুষগুলো না থাকলে বোধ হয় খুদে শিল্পীরা হাত-পা ছোড়াছুড়ি করে এক দফা নেচেই নিত!

ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা
ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা

নার্সারিপড়ুয়া আয়ান সরকারকে দেখে অবশ্য মনে হলো না, সে নাচানাচির মুডে আছে। মায়ের পাশে দাঁড়িয়ে ইতিউতি তাকাচ্ছিল সে। আয়ানের আঁকা ছবি দিয়েও দারুণ একটা কার্ড হয়েছে। ফুল, পাখি, প্রজাপতি—কত কী রং সেই ছবিতে! কাছে গিয়ে দাঁড়াতেই গম্ভীর মুখ করে বলল, ‘আমি বেলুন নেব।’ অনুষ্ঠানস্থলের সাজসজ্জায় বেশ কিছু বেলুন ঝোলানো হয়েছে, সেখান থেকেই একটা খুলে দেওয়া হলো তাকে। খুদে শিল্পীর মুখে এবার হাসি ফুটল।আমরা গেলাম খন্দকার মুহ্তাসিম হাসানের কাছে। সে পড়ে ক্লাস ওয়ানে। তাঁর আঁকা কার্ডের নকশায় দেখা গেল, দুজন কোলাকুলি করছে। কারা এরা? মুহ্তাসিম বলল, ‘এটা আমি আর আব্বু।’ আমরা ভ্রু কুঁচকে তাকাই, ‘সে কী! ছবিতে দেখা যাচ্ছে, দুজন লম্বায় এক সমান। তুমি তো দেখি তোমার আব্বুর চেয়ে কত্ত ছোট।’ মুহ্তাসিম ব্যাপারটা বুঝিয়ে বলতে গিয়ে হেসে ফেলল। যেন বোঝাতে চাইল, আহ্হা, ছবি আঁকাআঁকির তুমি কি বোঝো বাপু? আমরাও আর খুদে শিল্পীকে বেশি ঘাঁটাই না। চলে যাই কেজি টুতে পড়া রাইয়ান ফেরদৌসের কাছে। রাইয়ান জানাল, সে বড় হয়ে পুলিশ হবে। সে কী! তুমি পুলিশ হলে শিল্পী হবে কে? শুনে রাইয়ান বলে, ‘পুলিশও হব, শিল্পীও হব।’ বাহ্! সারা দিন চোর-ডাকাতদের শায়েস্তা করে একজন পুলিশ বাড়ি ফিরে ছবি আঁকতে বসেছে, ব্যাপারটা ভেবেই আমাদের মন ভালো হয়ে গেল! ‘হরলিকস-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা’-এর আয়োজন করে প্রথম আলো, সহযোগিতায় ছিল গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড হরলিকস। ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে এ প্রতিযোগিতায় মোট নকশা জমা পড়েছিল এক হাজার আট শর বেশি। সেখান থেকে বিজয়ীদের বাছাই করতে বিচারকদের কী যে মুশকিলে পড়তে হয়েছিল, তা তো তোমরা জানো না! বিচারক শিল্পী কাইয়ুম চৌধুরী তো বলেই ফেললেন, ‘ছোটদের আঁকা ছবি বাছাই করা খুব সমস্যা। সবগুলোই ভীষণ সুন্দর। বড়দের ছবি নিয়ে এত ঝামেলা হয় না।’ কথা ছিল পুরস্কার পাবে ১০ জন। ১১টা ছবি বাছাইয়ের পর শিল্পীরা পড়লেন মহামুসিবতে! চার বিচারক—শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বার্ক আলভী আর অশোক কর্মকারের কপালে ভাঁজ। একবার, দুবার, তিনবার সবগুলো কার্ড দেখা হলো। তবু বিচারকেরা সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অশোক কর্মকার একটা কার্ড দেখিয়ে বলেন, ‘স্যার, আমরা নাহয় এটা বাদ দিই।’ কাইয়ুম চৌধুরী মাথা নাড়েন, ‘না না, এটা বাদ দেওয়া যাবে না।’ কখনো আবুল বার্ক আলভী বলেন, ‘এই ছবিটা বোধ হয়...’ সমরজিৎ রায়চৌধুরী বাধা দেন, ‘না না। এটা ভালো।’ অবশেষে চার শিল্পী একমত হলেন, আর কোনো ছবি বাদ দেওয়া যাবে না। ১১ জনকেই পুরস্কার দিতে হবে। ভাগ্যিস, শিল্পীরা এমন সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছিলেন। নইলে পুরস্কার বিতরণী শেষে ছবি তোলার জন্য সবাই যখন দাঁড়াল, সেখানে হাসিমুখের সংখ্যা একটা কম হতো!

আয়ান সরকার, নার্সারি, হলি ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডারগার্টেন, মধ্য বাড্ডা, ঢাকা খন্দকার মুহ্তাসিম হাসান, শ্রেণী: প্রথম, ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুল, ঢাকা মো. রাইয়ান ফেরদৌস, শ্রেণী: কেজি টু, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা ফাউজিয়া ফিরোজ, শ্রেণী: দ্বিতীয়, বিয়াম ল্যাবরেটরি ইংলিশ মিডিয়াম স্কুল, নওগাঁ জারিন সুব্হা, শ্রেণী: চতুর্থ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা, ঢাকা আমিনুল ইসলাম, শ্রেণী: সপ্তম, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ সৌমিক রায়, শ্রেণী: নবম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম আনিকা ইবনাত, শ্রেণী: একাদশ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম লামিয়া জাহান, শ্রেণী: দশম, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা
আয়ান সরকার, নার্সারি, হলি ফ্লাওয়ার আইডিয়াল কিন্ডারগার্টেন, মধ্য বাড্ডা, ঢাকা খন্দকার মুহ্তাসিম হাসান, শ্রেণী: প্রথম, ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি অ্যান্ড স্কুল, ঢাকা মো. রাইয়ান ফেরদৌস, শ্রেণী: কেজি টু, ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা ফাউজিয়া ফিরোজ, শ্রেণী: দ্বিতীয়, বিয়াম ল্যাবরেটরি ইংলিশ মিডিয়াম স্কুল, নওগাঁ জারিন সুব্হা, শ্রেণী: চতুর্থ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর শাখা, ঢাকা আমিনুল ইসলাম, শ্রেণী: সপ্তম, নারায়ণগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ, নারায়ণগঞ্জ সৌমিক রায়, শ্রেণী: নবম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম আনিকা ইবনাত, শ্রেণী: একাদশ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম লামিয়া জাহান, শ্রেণী: দশম, মনিপুর উচ্চবিদ্যালয়, ঢাকা

হরলিকস-গোল্লাছুট ঈদকার্ডের নকশা প্রতিযোগিতা

এক নজরে

l   প্রতিযোগিতা হয় দুই বিভাগে। ১০ বছর বয়স পর্যন্ত ‘ক বিভাগ’ এবং ১১ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ‘খ বিভাগ’।

l নকশা জমা নেওয়া হয় ৪ থেকে ৬ জুলাই পর্যন্ত।

l এক হাজার আট শর বেশি প্রতিযোগী অংশ নেয়।

l বিচারক ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, আবুল বার্ক আলভী ও অশোক কর্মকার।

l মোট বিজয়ী ১১ জন।

l ক বিভাগে পুরস্কার পেয়েছে দুই সহোদর, মাদেহা নাওয়ার ও জারিন সুব্হা।

l বিজয়ীদের প্রত্যেকে পেয়েছে অভিনন্দনপত্র ও ১০ হাজার টাকার বই।

l বিজয়ীদের নকশায় তৈরি ঈদকার্ড ‘প্রথম আলো ঈদ সংখ্যা’-এর সঙ্গে পৌঁছাবে পাঠকদের হাতে।

বিজয়ী যারা

ক বিভাগ: আয়ান সরকার, খন্দকার মুহ্তাসিম হাসান, মো. রাইয়ান ফেরদৌস, শ্রেয়ান রশিদ, মাদেহা নাওয়ার, ফাউজিয়া ফিরোজ ও জারিন সুব্হা।

খ বিভাগ: আমিনুল ইসলাম, সৌমিক রায়, লামিয়া জাহান ও আনিকা ইবনাত।