
ছুটিতে পরিবার-পরিজন নিয়ে নিজেদের মতো করে সময় কাটানো নতুন কিছু নয়। তবে অনেকেই এখন বিদেশেও যাচ্ছেন। বাড়ছে ছুটি-ভ্রমণ।
বিশেষ করে ঈদের আনন্দে বৈচিত্র্য আনতে অনেকেই দেশের বাইরে দিনটি কাটাচ্ছেন। এমন বাংলাদেশির সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।
পর্যটন-ভ্রমণ পরিচালনাকারী সংস্থাগুলোর সংগঠন ‘টুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ (টোয়াব) বলছে, মানুষজন এখন ঈদের সময় দেশের চেয়ে দেশের বাইরে ঘুরতে যেতে বেশি আগ্রহী। আর দেশে ভ্রমণ করলেও তা কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতেই সীমাবদ্ধ।
টোয়াবের হিসাবে, ২০০০ সালে টোয়াবের সদস্যসংখ্যা ছিল ২০টির মতো। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৬৭। এর বাইরে আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে।
টোয়াবের পরিচালক তৌফিক রহমান বলেন, গত দু-তিন বছরে দেশের বাইরে ঈদ করার প্রবণতা অনেক বেড়েছে। গত বছর শুধু থাইল্যান্ডেই বেড়াতে গেছেন প্রায় এক লাখের ওপর বাংলাদেশি পর্যটক। পরিবারের সবাই মিলে যাচ্ছেন পাতায়া, বালির মতো দর্শনীয় পর্যটনকেন্দ্রগুলোতে।
দেশের পর্যটন স্থানগুলো ঘুরে দেখার পর নতুন জায়গা দেখার আগ্রহ বাড়ছে। মানুষের অর্থনৈতিক সামর্থ্যও বৃদ্ধি পাচ্ছে। এমন দুটি কারণে বিদেশে বেড়ানোর প্রবণতা বাড়ছে বলে মনে করেন ভ্রমণ পরিচালনাকারী তিনটি সংস্থার কয়েকজন কর্মকর্তা।
ভ্রমণ পরিচালনাকারী সংস্থা ডিসকভারি টুরস অ্যান্ড লজিস্টিকসের ব্যবস্থাপক এ কে এম মাসুম বলেন, প্রযুক্তির উন্নয়ন এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রেখেছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জেনেও অনেকে বিদেশের বিভিন্ন স্থান সম্পর্কে উৎসাহী হচ্ছেন। এ ছাড়া গণমাধ্যমগুলোতে ভ্রমণবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান দেখেও মানুষ বিভিন্ন দেশে যেতে আগ্রহী হয়ে উঠছেন।
ভ্রমণে বাংলাদেশিরা নেপাল, ভূটান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরকে প্রাধান্য দিচ্ছেন। সাধারণত মধ্যবিত্ত, উচ্চমধ্যবিত্ত পরিবারগুলো বেশি যাচ্ছে। আর উচ্চবিত্তদের আগ্রহ অবশ্য ইউরোপের দেশগুলোর প্রতি।
টোয়াব থেকে জানা যায়, কয়েকটি বিমান সংস্থা থাইল্যান্ড, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে যাওয়ার বিমানভাড়া কমিয়েছে। ফলে ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এখন অনেক কম টাকায় পর্যটকদের বিভিন্ন প্যাকেজ দিতে পারছে। যেমন আগে একজনের ব্যাংকক ঘুরতে লাগত ৬০-৭০ হাজার টাকা। এখন ৩০-৩৫ হাজার টাকায়ও ঘোরা হয়ে যাচ্ছে।
তৌফিক রহমান বলেন, প্রতিষ্ঠান বেড়ে যাওয়ায় প্রতিযোগিতাও বেড়ে গেছে। প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে মানুষের আগ্রহ বাড়িয়ে দিচ্ছেন। মানুষজন কয়েকটা প্রতিষ্ঠান ঘুরে, খোঁজখবর নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে।
পর্যটন-ভ্রমণ পরিচালনাকারী প্রতিষ্ঠান এবিটি টুরস অ্যান্ড ট্রাভেলের প্রধান নির্বাহী জহিরুদ্দিন বাবর বলেন, ঈদ উপলক্ষে তাঁদেরও কয়েকটি প্যাকেজ রয়েছে। ঈদ আসতে আরও ২০ দিনের মতো বাকি থাকলেও বিভিন্ন বিমান সংস্থার ঈদের দিন থেকে পরবর্তী ১০ দিনের টিকিট এখনই পাওয়া যাচ্ছে না।
টোয়াবের পরিচালক তৌফিক রহমান বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষে পর্যটন-ভ্রমণ বাণিজ্যের পরিসর বৃদ্ধি পাচ্ছে। পর্যটন করপোরেশন ও টুরিজম বোর্ড এ খাতের উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিলে তা বাংলাদেশের অর্থনীতিতে আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।