ছুটিতে যাচ্ছেন অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল ইনকরপোরেটেডের প্রতিষ্ঠাতা স্টিভ জবস অসুস্থতাজনিত ছুটিতে যাচ্ছেন। গত সোমবার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীদের কাছে পাঠানো ই-মেইলে তিনি এ কথা জানান। তিনি জানান, তাঁর শরীর কিছুদিন ধরে ভালো যাচ্ছে না। এ কারণে তিনি ছুটি নিতে চাচ্ছেন। কোম্পানির পরিচালনা পর্ষদ তাঁর ছুটি মঞ্জুর করেছে। তিনি আরও বলেন, ছুটিতে থাকলেও অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বড় বড় সিদ্ধান্তের ব্যাপারে তাঁর মতামত জানাবেন। তাঁর অনুপস্থিতিতে প্রতিদিনের দায়িত্ব পালন করবেন প্রধান অপারেটিং কর্মকর্তা টিম কুক। তিনি জানান, খুব শিগগিরই তিনি কাজে ফিরবেন। এর আগে যকৃৎ প্রতিস্থাপনের জন্য স্টিভ জবস ২০০৮ সালের শেষ থেকে ২০০৯ সালের মাঝামাঝি পর্যন্ত টানা ছয় মাস ছুটিতে ছিলেন। স্টিভ জবস বেশ কয়েক বছর ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছেন। ২০০৪ সালে তাঁর এই ক্যানসার প্রথম ধরা পড়ে। ওই বছরের শেষ নাগাদ অগ্ন্যাশয় থেকে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। স্টিভ জবস অ্যাপলে কেবল একটি জনপ্রিয় মুখই নয়, অ্যাপলের প্রতিটি কাজে তাঁর উপস্থিতি অপরিহার্য। গত কয়েক বছরে তাঁর অসুস্থা নিয়ে নানা ধরনের গুজবে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এর ফলে শেয়ারবাজারে অ্যাপলের শেয়ারমূল্য কমে যায়। অ্যাপল কর্তৃপক্ষকে বারবার বোঝাতে হয় যে তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা সুস্থ আছেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান