ছুটিরঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তত শনিবারে হাসুন
অন্তত শনিবারে হাসুন


রকি: দোস্ত, আমি তো ছুটি কাটাতে কক্সবাজার যাচ্ছি। আমাকে একটা ভালো বই দিতে পারিস? জমজমাট উত্তেজনাপূর্ণ, রহস্যময় কোনো বই, যেন বইটা পড়ে আমার ছুটিটা ভালো কাটে।
পল্টু: এই বইটা নিয়ে যা। খুবই রোমাঞ্চকর আর রহস্যময়। মজাটা হলো, নায়কের বাবাকে কে খুন করল, সেটা তুই আগে কিছুতেই বুঝতে পারবি না। একেবারে শেষ পৃষ্ঠায় গিয়ে জানবি, খুনটা আসলে বাগানের মালি করেছে!


কর্মচারী: স্যার, পাঁচ দিনের ছুটি চাই।
বস: কেন? মাত্রই তো তুমি ১০ দিন ছুটি কাটিয়ে ফিরলে।
কর্মচারী: স্যার আমার বিয়ে।
বস: বিয়ে করবে ভালো কথা। তো এত দিন ছুটি কাটালে, তখন বিয়ে করোনি কেন?
কর্মচারী: মাথা খারাপ? বিয়ে করে আমার সুন্দর ছুটির দিনগুলো নষ্ট করব নাকি?


ছুটিতে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিদেশ যাচ্ছিলেন ফজল সাহেব। বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি আমাদের ওয়্যারড্রোবটাকে খুব মিস করছি।’
স্ত্রী: কেন?
ফজল সাহেব: কারণ, বিমানের টিকিটটা ওয়্যারড্রোবের ভেতরে রেখে এসেছি।


ছুটি কাটাতে হ্রদের ধারে বেড়াতে গেছেন সরদারজি। হ্রদের টলমলে পানি দেখে খুব লোভ হচ্ছিল তাঁর, কিন্তু কুমিরের ভয়ে পানিতে নামতে পারছিলেন না। শেষে স্থানীয় এক লোক নিশ্চয়তা দিলেন, পানিতে কুমির নেই।
নিশ্চিন্তে হ্রদে সাঁতার কাটছিলেন সরদারজি। আরামে চোখ বুজে তিনি স্থানীয় লোকটিকে বললেন, ‘গত বছরও তো এই হ্রদে প্রচুর কুমির ছিল। তাড়ালেন কীভাবে?’
স্থানীয় লোকটি জবাব দিল, ‘আমরা তাড়াইনি। যা করার, হাঙরগুলোই করেছে!’


ট্রেনের দুই সহযাত্রীর মধ্যে কথা হচ্ছে।
প্রথম যাত্রী: আপনি একটি বাইনোকুলার গলায় ঝুলিয়ে রেখেছেন। অথচ একবারও দেখলাম না, আপনি বাইনোকুলার দিয়ে বাইরে দূরের কোনো দৃশ্য দেখছেন। তাহলে সঙ্গে এটা আনলেন কেন?
দ্বিতীয় যাত্রী: আহ্! এটা দূরের দৃশ্য দেখার জন্য আনিনি। ছুটি কাটাতে যার বাড়ি যাচ্ছি, তাকে দেখার জন্য এনেছি।
প্রথম যাত্রী: কেন?
দ্বিতীয় যাত্রী: কারণ, তিনি আমার দূরসম্পর্কের আত্মীয়!


তিন বন্ধু ছুটি কাটাতে সিঙ্গাপুর যাচ্ছিল প্লেনে করে। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের প্লেনটা ক্র্যাশ করল। জ্ঞান ফেরার পর তারা আবিষ্কার করল, তিনজনই অল্পবিস্তর আহত। তারা পড়ে আছে একটা অচেনা সৈকতে। তাদের চোখের সামনে ভেসে উঠল গল্প-সিনেমায় পাওয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার দৃশ্যগুলো। তিন বন্ধু ঠিক করল, তারাও একইভাবে টিকে থাকবে। হেরে যাবে না!
শুরু হলো তাদের বেঁচে থাকার লড়াই। গাছের লতা-পাতা, পোকামাকড়, সমুদ্রের নোনা পানি—এসব খেয়ে তাদের দিন কাটতে লাগল।
পাশেই একটা পাঁচতারকা হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তিন বন্ধুর কাণ্ড দেখছিলেন পর্যটকেরা। এমন আজব দৃশ্য তাঁরা কখনো দেখেননি!