শুধু মানব প্রজাতির ক্ষেত্রেই নয়, প্রাণীজগতের প্রায় সব ক্ষেত্রেই পুরুষদের গড় উচ্চতা মেয়েদের চেয়ে বেশি। এটা জটিল ও কঠিন বিষয়। বেশির ভাগ জীববিজ্ঞানী মনে করেন, প্রাকৃতিক নির্বাচনপ্রক্রিয়ায় বিবর্তনের মধ্য দিয়ে পুরুষ ও নারীর উচ্চতায় পার্থক্য এসেছে। অতীতে প্রাণীজগতে নারীসঙ্গী লাভের জন্য পুরুষদের মধ্যে তীব্র লড়াই হতো। লম্বা ও শক্তিশালী পুরুষদের জয়লাভের সম্ভাবনা বেশি বলে তাদের সন্তানদের একই গুণাবলি অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায়। ফলে বিবর্তনের ধারায় গড় উচ্চতা বেশি—এমন পুরুষ ও মেয়েদের সংখ্যা বৃদ্ধি পায়। উপরন্তু লম্বা মেয়েরা প্রাকৃতিক নির্বাচনপ্রক্রিয়ায় বেশি আনুকূল্য লাভ করে। কারণ, সন্তান জন্মদানের সময় খাটো মেয়েদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে। ফলে বিবর্তনের ধারায় অপেক্ষাকৃত লম্বা মেয়েদের টিকে থাকার সম্ভাবনা বেশি। কিন্তু তা সত্ত্বেও মেয়েদের গড় উচ্চতা ছেলেদের চেয়ে কম। একে পুরুষশাসিত সমাজের একটি অভিশাপ হিসেবে দেখা যেতে পারে। কারণ, প্রায় সব সমাজে পুরুষের সমাদর বেশি। ভালো, পুষ্টিকর ও বেশি খাবার সাধারণত পুরুষেরাই আদিকাল থেকে পেয়ে আসছে। এখনো এই প্রথা অব্যাহত আছে। কম খাওয়া জুটলে উচ্চতাও তুলনামূলক কমে যায়। সমাজবিদেরা মনে করেন, মেয়েদের গড় উচ্চতা কম হওয়ার পেছনে এ সামাজিক বৈষম্য কাজ করেছে।