ছোট আইপ্যাড তৈরির পরিকল্পনা অ্যাপলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান অ্যাপল এবার মিনি আইপ্যাড তৈরির পরিকল্পনা নিয়েছে। চলতি বছরের শেষ দিকে এ মিনি আইপ্যাড বাজারে ছাড়ার ব্যাপারেও চিন্তা করছে প্রতিষ্ঠানটি। চীনের নেটইজি নামের একটি ওয়েবসাইটে জানানো হয়, মূলত উইন্ডোজের ৮ অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থাকতেই অ্যাপলের এ মিনি আইপ্যাড তৈরির পরিকল্পনা।ইতিমধ্যে শুরুতে মিনি আইপ্যাড কী পরিমাণ বাজারে ছাড়া হবে, সে ব্যাপারেও চিন্তাভাবনা শুরু হয়ে গেছে বলে জানা গেছে। তবে এ ব্যাপারে অ্যাপলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অ্যাপলের একজন মুখপাত্র জানান, অ্যাপল এ বিষয়ে কোনো বক্তব্য দেবে না। এর আগে দ্য কোরিয়া টাইমস-এ বলা হয়, মিনি আইপ্যাডের জন্য উন্নত এলসিডি প্রযুক্তিসুবিধা দেবে স্যামসাং। সম্ভাব্য নতুন এ মিনি আইপ্যাড হতে পারে ৭ দশমিক ৮৬ ইঞ্চি পর্দার। চলতি বছরের শেষের দিকে উইন্ডোজ ৮ চালিত ট্যাবলেটটি বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়েছে মাইক্রোসফট। আর এ ট্যাবলেট অ্যাপলের আইপ্যাডের চেয়ে কম দামি হবে বলেও জানা গেছে। আর বিষয়টি মাথায় রেখেই মিনি আইপ্যাডের পরিকল্পনা নিয়েছে অ্যাপল, এমনটাই মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে একধরনের গুজবই রয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এখন অ্যাপল কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর প্রযুক্তিপ্রেমীদের। —দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আশফাক আলম